- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ২, ২০২৩
২০২৪ এর নির্বাচনে একাই লড়বে তৃণমূল ! মমতার মন্তব্যে বিজেপি বিরোধী ঐক্য নিয়ে সংশয়
লোকসভা ভোটে দলীয় জোট নয়, মানুষের জোট গড়ে লড়বে তৃণমূল। বৃহস্পতিবার জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী অছর লোকসভা ভোট। মমতার ঘোষণায় বিজেপি বিরোধী বৃহত্তম জোটের চিত্র ঘিরে তৈরি হল সংশয়।
সাগরদীঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর পরাজয়ে বাম-কং-বিজেপির অঘোষিত আঁতাতকেই দায়ী করলেন। জয়ের জন্য শুভেচ্ছা জানালেও মমতার প্রতিক্রিয়া, অনৈতিক জয় হয়েছে কংগ্রেসের। নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিজেপি তাঁর ভোট কংগ্রেসকে হস্তান্তরিত করায় এ জয় সম্ভব হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বায়রন বিশ্বাস ও শুভেন্দু অধিকারীর একত্র ছবি সামনে এনে বিজেপি-কং আঁতাতের কথা প্রমাণ করতে চেয়েছিলেন। হারার পর সেই তত্ত্বকেই প্রতিষ্ঠা করতে চাইলেন মমতা। সাংবাদিকদের দেওয়া বিবৃতিতে তিনি জানালেন, বাম কংগ্রেস জোট অনৈতিক। বিজেপির সঙ্গে ভোট দেওয়া নেওয়া করে। লোকসভা ভোটে ওদের কারোর সঙ্গে যাব না। মানুষের সঙ্গে তৃণমূলের জোট হবে। তাদের সমর্থন নিয়ে লড়ব।
মমতার মন্তব্যের প্রতিক্রিয়ায় মুর্শিদাবাদের কংগ্রেস নেতা অধীর চৌধুরী জানিয়েছেন, বামেদের সমর্থন ছিলই। পাশাপাশি, বহু বিক্ষুব্ধ তৃণমূলের সমর্থন আমরা পেয়েছি। যে সংখ্যালঘুরা একসময় মমতাকে উজাড় করে ভোট দিয়েছিলেন তাঁরা আজ জোটের প্রতি বিশ্বাস দেখাচ্ছেন। এই ধারা অব্যাহত থাকলে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূল যে যথার্থ সঙ্গী নয়, তা স্পষ্ট অধীরের কণ্ঠে। জোট করেই আগামী দিনে বিজেপি শাসনের অবসান ঘটানো যাবে বলে সাংবাদিকদের জানান অধীর।
তৃণমূলের শীর্ষ নেতৃত্বের এ ঘোষণায় বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূলের আন্তরিকতা নিয়ে উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে সারা দেশে বিজেপি বিরোধী বৃহত্তম জোট গঠনের চেষ্টা চালাচ্ছিলেন মমতা। ২০১৯ সালে কলকাতায় ব্রিগেডে দেখা গিয়েছিল ২১ বিরোধী নেতৃত্বের যৌথ সভা। তার পর বিরোধী ঐক্য গড়ে তোলার বহুবার চেষ্টা করেছেন তিনি। কিন্তু, বাধা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দলের নেতাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্খা। প্রকাশ্যে চলে আসে কংগ্রেস ও তৃণমূলের বিরোধ। রাহুল গান্ধীর নেতৃত্বে লড়তে অস্বীকার করে ঘাসফুল শিবির। দিল্লিতে সনিয়া -মমতা বৈঠকেও বরফ গলেনি। গত বছর রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করতে উদ্যোগী হয়ে ছিল তৃণমূল। রাজি হয়নি অন্যান্য দল। মমতার একা লড়ার মন্তব্যে কার্যত অনিশ্চিত হয়ে গেল আগামী দিনের ভারত জুড়ে বিজেপি বিরোধী লড়াইয়ের প্রস্তুতি।
❤ Support Us






