- এই মুহূর্তে দে । শ
- মে ৯, ২০২৬
গেরুয়া জনসমুদ্রের আবহে ব্রিগেডে শুভেন্দু অধিকারীর শপথ
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন যুগের সূচনা হল। অবশেষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সফল করে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হল বাংলায়। ২৫ বৈশাখ-এর মহান দিনটিকে সাক্ষী রেখে বাংলায় বিজেপির শাসন পথ চলা শুরু করল। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবতাবাদী। বাঙালির সুখে-দুঃখে তিনিই ভরসা। বাঙালির প্রত্যাশা নতুন বিজেপি সরকার বাংলার মানুষকে এক মানবতাবাদী প্রশাসন উপহার দেবে। যেখানে থাকবে না হিংসা,লুঠ,ধর্ষণ,বেকারি,শিল্পের জন্য হাহাকার, কর্মসংস্থানের জন্য শিক্ষিত বেকার যুবক-যুবতীদের হাহাকার, চাকরি বঞ্চিতদের প্রতি বিদ্বেষ, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা না পাওয়ার জন্য হাহাকার। বাঙালির আশা সমস্ত দিক থেকে সেজে উঠবে বাংলা, শস্যশ্যামল বাংলা আবার ফিরে পাবে বঙ্গবাসী। এদিন মঞ্চে বাজানো হয়েছে, “হে নুতন দেখা দিক….” রবীন্দ্র সংগীত।
এদিন হুডখোলা গাড়িতে ব্রিগেডে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি, তাঁর পাশে দাঁড়ানো ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক এবং পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী আসার আগেই ব্রিগেডে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঞ্চে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদি। সংবর্ধনা জ্ঞাপন করেন ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একদা সঙ্গী, যিনি উত্তরবঙ্গের বাসিন্দা ৯৩ বছরের মাখনলাল সরকার। কঠোর নিরাপত্তার বেষ্টনীর মধ্যেও এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে ব্রিগেডে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণে হাজির ছিলেন বহু বিজেপি কর্মী-সমর্থক।
মঞ্চে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, চিরাগ পাসোয়ান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তী-সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।
এরই মধ্যে মঞ্চে জাতীয় সংগীত বেজে উঠলো। জাতীয় সংগীত সমাপ্ত হওয়ার পর বিপুল জনসমাগম ও ২০টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও ভারত সরকারের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে ঐতিহাসিক মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী যখন শপথ বাক্য পাঠ শেষ করলেন তখন জনতার মুখরিত কলরবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভেসে যাচ্ছে। জনতার এই কলরব প্রমাণ করছে বিজেপির প্রতি যে জনাদেশ ইভিএম-এ পড়েছে সেটা বাস্তব। তাতে কোথাও জল নেই।
শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে মন্ত্রগুপ্তির শপথ গ্রহণের পর মন্ত্রী হিসাবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। এদিন শপথ নেওয়া মন্ত্রীদের দফতর ঘোষণা হয়নি।
❤ Support Us







