Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৬

বিধানসভা ভোটের আগেই সীমান্তে কাঁটাতার ! বিএসএফ-কে ১০৫ একর জমি দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিধানসভা ভোটের আগেই সীমান্তে কাঁটাতার ! বিএসএফ-কে ১০৫ একর জমি দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের

সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ-কে জমি দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর, প্রাথমিকভাবে প্রায় ১০৫ একর জমি বিএসএফ-কে হস্তান্তরের পরিকল্পনা হয়েছে। এই জমিতে সীমান্তে কাঁটাতার বসানো এবং বিএসএফ-এর বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ করা হবে।

শুক্রবার নবান্নে কেন্দ্রকে জমি দেওয়ার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিশেষ মন্ত্রিগোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও বৈঠকে জমি হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চূড়ান্ত অনুমোদন এখনো মেলেনি। বিষয়টি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে এবং সেখান থেকে সবুজ সংকেত মিললেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রশাসনিক সূত্র অনুযায়ী, প্রায় ১৭ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এ জন্য রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে বিএসএফ। পাশাপাশি, সীমান্তে নজরদারি জোরদার করতে ন’টি বর্ডার আউটপোস্ট গড়ে তোলার জন্যও জমির প্রয়োজন।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সংস্থাগুলিকে জমি দেওয়ার প্রস্তাব বিবেচনার দায়িত্ব একটি বিশেষ মন্ত্রিগোষ্ঠীর হাতে তুলে দেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিগোষ্ঠীর তিন সদস্য— চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। বৈঠকে কোথায় কত জমির প্রয়োজন এবং রাজ্য সরকার কতটা জমি দিতে পারবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ১৭ কিলোমিটার সীমান্তে কাঁটাতার বসাতে প্রয়োজন হবে ৬৭ একর জমি এবং ন’টি বর্ডার আউটপোস্ট নির্মাণের জন্য লাগবে ১৮ একর জমি। এই জমিগুলি বর্তমানে ব্যক্তিমালিকানাধীন। ফলে সংশ্লিষ্ট জমির মালিকদের কাছ থেকে জমি কিনে তা বিএসএফ-এর হাতে তুলে দেবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী দপ্তর প্রস্তাবে অনুমোদন দিলে বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে জেলা প্রশাসন জমির মালিকদের সঙ্গে আলোচনা করে জমি অধিগ্রহণ বা ক্রয়ের প্রক্রিয়া শুরু করবে।

এছাড়াও, সীমান্তবর্তী ন’টি এলাকায় রাজ্যের অধীনে থাকা প্রায় ২০ থেকে ২৫ একর জমি বিএসএফ-কে হস্তান্তরের প্রস্তাবও মন্ত্রিসভার কাছে পাঠানো হবে বলে সূত্রের খবর। সব মিলিয়ে সীমান্ত সুরক্ষা মজবুত করতেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক মহলের দাবি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!