- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৮, ২০২৫
শেষ পর্যন্ত কেন্দ্রের বিতর্কিত ‘ওয়াকফ সংশোধনী আইন’ মেনে নিল পশ্চিমবঙ্গ সরকার, নবান্নে শুরু তৎপরতা
পশ্চিমবঙ্গ সরকারও অবশেষে মান্যতা দিল কেন্দ্রীয় ‘ওয়াকফ সংশোধনী আইন ২০২৫’-এর। দীর্ঘ বিতর্ক, আন্দোলন ও রাজনৈতিক আপত্তি সত্ত্বেও রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার নির্দেশ জারি করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই নির্দেশ অনুসারে আগামী ৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সব তথ্য ‘umeedminority.gov.in’-এ আপলোড করতে হবে।
সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব ড. পি.বি. সালিম ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলা শাসকের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, রাজ্যে প্রায় ৮২ হাজার ওয়াকফ সম্পত্তি রয়েছে, যা ৮ হাজারেরও বেশি ওয়াকফ এস্টেটের অন্তর্ভুক্ত। সেই সমস্ত তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাজ্যের জেলাশাসকরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং জরুরি ভিত্তিতে তথ্য সংগ্রহের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রের বিতর্কিত ‘ওয়াকফ সংশোধনী আইন’ রাজ্যে কার্যকর করা নিয়ে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা ছিল প্রবল। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর দিনাজপুরে একাধিক বিক্ষোভ ও আন্দোলন দেখা গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও স্পষ্টভাবে জানিয়েছিলেন, তিনি রাজ্যে এই আইন কার্যকর হতে দেবেন না। ৯ এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ডিভাইড অ্যান্ড রুল’ চলতে দেব না। সবাইকে সুরক্ষা দেওয়া আমার কর্তব্য।’ তবে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ না থাকায় এবং কেন্দ্রীয় আইনের বাধ্যবাধকতার কারণে রাজ্যকে অবশেষে পদক্ষেপ নিতে হয়েছে।
নবান্নের নির্দেশে জেলা প্রশাসন তৎপরতায় কাজ শুরু করেছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, মুতাওয়াল্লি, ইমাম, মোয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে বৈঠক করে তথ্য আপলোড প্রক্রিয়া ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র অ-বিতর্কিত এবং তালিকাভুক্ত সম্পত্তির তথ্য আপলোড করতে হবে। প্রয়োজনে ‘ফেসিলিটেশন সেন্টার’ খোলা হবে এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে। রাজ্য স্তরের সিনিয়র অফিসাররা জেলা পর্যায়ে গিয়ে পরিদর্শন করবেন এবং প্রতিদিন কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন। ইতিমধ্যেই আট জেলায় হেল্প ডেস্ক চালু করা হয়েছে এবং বাকি জেলাগুলোকেও একই ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রতিদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত স্টেট ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে ভিডিও কনফারেন্সে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। সংখ্যালঘু উন্নয়ন দফতের সূত্রে জানা গেছে, রাজ্যে এই আপলোড প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে জেলা প্রশাসনে কার্যত যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে। সীমিত সময়ের মধ্যে ৮২ হাজার সম্পত্তির তথ্য সঠিকভাবে আপলোড করা জেলা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
❤ Support Us






