Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৮, ২০২৬

‘ভয় আউট, ভরসা ইন’ : বাজেট অধিবেশনের সূচনায় সরকারের প্রশংসা করে বার্তা রাজ্যপালের

আরম্ভ ওয়েব ডেস্ক
‘ভয় আউট, ভরসা ইন’ : বাজেট অধিবেশনের সূচনায় সরকারের প্রশংসা করে বার্তা রাজ্যপালের

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশন শুরু হয় রাজ্যপাল আর এন রবির সূচনা ভাষণের মাধ্যমে। রীতি অনুযায়ী তাঁর বক্তৃতাতেই অধিবেশনের সূচনা হয়, যা চলবে ২৫ জুন পর্যন্ত। ২২ জুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করবেন। সূচনা ভাষণে রাজ্যপাল রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে বিস্তৃত মন্তব্য করেন। তিনি দাবি করেন, রাজ্যে ‘ভয় আউট, ভরসা ইন’— এ বার্তাই এখন বাস্তব রূপ নিচ্ছে। সরকারের পদক্ষেপে মানুষের আস্থা ফিরছে।

ভাষণে তিনি বলেন, অনুপ্রবেশের কারণে বাংলার জনবিন্যাসে পরিবর্তন ঘটছে, তা রুখতে রাজ্য সরকার কঠোর অবস্থান নিয়েছে। সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে জমি হস্তান্তরের কাজও শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। নারী নিরাপত্তা ও শিশু নির্যাতন মোকাবিলায় রাজ্য সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তিনি তুলে ধরেন। পাশাপাশি তোলাবাজি, দুষ্কৃতীরাজ ও মানবপাচার রোধে প্রশাসনের কড়া পদক্ষেপের প্রশংসা করেন তিনি।

রাজ্যপাল আরও বলেন, বহুদিন ধরে দখল হয়ে থাকা জমি উদ্ধার করে তা শিল্পের কাজে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। বন্ধ হয়ে থাকা চা বাগান পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া অন্নপূর্ণা ভাণ্ডারের মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলিরও প্রশংসা করেন তিনি। শিক্ষা ক্ষেত্রেও পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি জানান, রাজ্যে ‘জাতীয় শিক্ষানীতি’ চালু করা হবে।

ভাষণে পূর্বতন তৃণমূল সরকারের সমালোচনাও উঠে আসে। রাজ্যপাল অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার দুর্নীতিতে জর্জরিত ছিল এবং সাধারণ মানুষ সুবিচার পাননি। তাঁর মতে, পরিকল্পিতভাবে কিছু প্রকল্প, যেমন, চিংড়িহাটা মেট্রো কাজ বাধাগ্রস্ত করা হয়েছিল, যার ফলে রাজ্যের উন্নয়ন ব্যাহত হয়েছে। তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই মেট্রো প্রকল্পের কাজ পুনরায় শুরু হয়েছে।  সব মিলিয়ে রাজ্যপালের বক্তব্যে একদিকে প্রশাসনিক সাফল্যের প্রশংসা, অন্যদিকে রাজনৈতিক সমালোচনার সুরও স্পষ্টভাবে ধরা পড়ে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!