- এই মুহূর্তে দে । শ
- মে ৫, ২০২৬
বঙ্গ নির্বাচন মিটতেই আমলাস্তরে রদবদল, রাজ্যপালের নতুন সচিব সৌমিত্র মোহন
ভোটপর্ব শেষ হতেই পশ্চিমবঙ্গে প্রশাসনিক স্তরে প্রথম বড় বদলি ঘটল। গণনা মিটতেই রাজ্যপাল আরএন রবির সচিব হিসেবে নিয়োগ করা হল ২০০২ ব্যাচের আইএএস আধিকারিক সৌমিত্র মোহনকে। এতদিন তিনি রাজ্যের পরিবহণ দফতরের সচিব হিসেবে দায়িত্বে ছিলেন এবং প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে ওই পদে কর্মরত ছিলেন।
ভোট চলাকালীন বিভিন্ন প্রশাসনিক রদবদল হলেও তাঁকে পরিবহণ দফতর থেকে সরানো হয়নি। তবে ভোট শেষ হতেই তাঁকে রাজ্যপালের সচিব পদে নিয়ে আসা হল। গত ১২ মার্চ রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে কলকাতার লোকভবনে শপথ নেওয়ার পর থেকেই সচিব নিয়োগের বিষয়ে উদ্যোগী ছিলেন রবি। সূত্রের খবর, দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই তিনি সরকারের কাছে এই নিয়োগের অনুরোধ জানান।
এর আগে, প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমলে আইএএস নন্দিনী চক্রবর্তীকে এই পদে বসানো হয়েছিল। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। রাজভবনে যোগ দেওয়ার পর তাঁকে ‘শাসকদলের ঘনিষ্ঠ’ বলে চিহ্নিত করা হয়েছিল বলে জানা যায়, এবং সেই কারণেই তাঁর অপসারণ ঘটে বলে সূত্রের দাবি। পরে অবশ্য নন্দিনী চক্রবর্তী রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং পরবর্তীতে মুখ্যসচিব পদেও দায়িত্ব পালন করেন।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে আনন্দ বোস তাঁর প্রধান সচিবের পদ থেকে নন্দিনীকে সরানোর পর থেকে এই পদে কোনও আইএএস আধিকারিককে নিয়োগ করা হয়নি। প্রায় তিন বছর পর আবার একজন আমলা এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হলেন।
উল্লেখযোগ্যভাবে, রাজ্যের রাজনৈতিক পালাবদলের ঠিক পরেই এই সিদ্ধান্ত সামনে এল। সোমবারই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করেছে, আর তার পরদিন সকালেই রাজ্যপালের নতুন সচিব নিয়োগের খবর প্রকাশ্যে আসে।
❤ Support Us







