- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১২, ২০২৬
আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে ৭ লক্ষাধিক, কড়া নজরদারিতে সংসদ
বৃহস্পতিবার থেকে শুরু হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের পরীক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ২০২৫ শিক্ষাবর্ষ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি। নতুন ব্যবস্থায় এই প্রথম বৃহৎ পরিসরে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁর কথায়, এটি সংসদের কাছে বড় চ্যালেঞ্জ।
সংসদ সূত্রে জানা গেছে, ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে তিন ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে—Semester-IV, Semester-III Supplementary এবং পুরনো পদ্ধতির (Old System) উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই তিন বিভাগের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। পরিসংখ্যান অনুযায়ী, ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ৭৯,৩৪৭ জন বেশি এবং রাজ্যের ২৩টি জেলার প্রতিটিতেই সংখ্যার বিচারে এগিয়ে রয়েছে ছাত্রীরাই।
এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে রাজ্যের ৮২২টি মেইন ভেন্যু ও ২,১০৩টি সাব ভেন্যুতে। গোটা পরীক্ষাপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রায় ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকা দায়িত্ব পালন করবেন। প্রথম দিনের পরীক্ষার সঙ্গেই মাধ্যমিকের অপশনাল ইলেকটিভ পরীক্ষা থাকায় শিক্ষক নিয়োগ ও ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
পরীক্ষা পরিচালনায় কঠোর নির্দেশিকা জারি করেছে সংসদ। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষাও বাতিল হতে পারে। প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে এবং থাকবে সিসিটিভি নজরদারি। এমনকি প্রশ্নপত্র সংরক্ষণের কনফিডেনশিয়াল রুমেও থাকবে কড়া নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা।
সময়সূচি অনুযায়ী, Semester-IV পরীক্ষার্থীদের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। Semester-III Supplementary পরীক্ষার্থীদের পরীক্ষা দুপুর ১টা থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত এবং পুরনো পদ্ধতির পরীক্ষার্থীদের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত হবে। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে প্রশ্নপত্র বিতরণ করা হবে। পরীক্ষার্থীদের অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন (CWSN) পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময়, লেখকের সুবিধাসহ প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে সংসদ।
❤ Support Us






