Advertisement
  • দে । শ
  • মার্চ ৫, ২০২৬

নির্বাচনের আবহেই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, দিনক্ষণ ঘোষণা পর্ষদের

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্বাচনের আবহেই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, দিনক্ষণ ঘোষণা পর্ষদের

রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নতুন পর্যায়ে প্রবেশ করল। পঞ্চম থেকে দশম দফার ইন্টারভিউয়ের সূচি ঘোষণা করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ মার্চ থেকে আবার শুরু হচ্ছে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ। মোট ১৩ হাজার ৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে এ প্রক্রিয়া চালানো হচ্ছে।  

পর্ষদ জানিয়েছে, ধাপে ধাপে বিভিন্ন জেলার প্রার্থীদের ডেকে সাক্ষাৎকার নেওয়া হবে। পঞ্চম দফায় নদিয়া জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে ১০ থেকে ১৩ মার্চ এবং ১৮ ও ১৯ মার্চ। এরপর ষষ্ঠ দফায় পুরুলিয়া জেলার প্রার্থীদের ডাকা হয়েছে ২৩ থেকে ২৫ মার্চ এবং ২৭ থেকে ৩০ মার্চ পর্যন্ত। সপ্তম দফায় বাঁকুড়া জেলার প্রার্থীদের সাক্ষাৎকার একাধিক ধাপে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপ ৬ থেকে ১০ এপ্রিল, দ্বিতীয় ধাপ ১৬ ও ১৭ এপ্রিল, এবং শেষ ধাপ ২১ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত চলবে। অষ্টম দফায় আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রার্থীদের ইন্টারভিউ নির্ধারিত হয়েছে ২৭ থেকে ৩০ এপ্রিল।

এরপর, নবম দফায় মালদা ও পশ্চিম বর্ধমান জেলার প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে ৫ থেকে ৮ মে এবং ১২ থেকে ১৫ মে।সবশেষে দশম তথা চূড়ান্ত দফায় বীরভূম জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে ১৯ থেকে ২২ মে এবং ২৮ ও ২৯ মে। এই পর্যায় শেষ হলেই চলতি নিয়োগ প্রক্রিয়ার সাক্ষাৎকার পর্ব সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।  উল্লেখ্য, এর আগেই তৃতীয় পর্যায়ে শিলিগুড়ি, হাওড়া ও উত্তর দিনাজপুর জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হয়েছে। পরে চতুর্থ পর্যায়ে কোচবিহার জেলার প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয় ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি।

পর্ষদ সূত্রের খবর, নির্ধারিত সূচি মেনেই ধাপে ধাপে সাক্ষাৎকার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। সমস্ত পর্যায়ের ইন্টারভিউ শেষ হলে পরবর্তী ধাপে মেধাতালিকা প্রকাশ এবং নিয়োগের বাকি প্রক্রিয়া শুরু হবে। এদিকে সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সাধারণত ভোট ঘোষণার পর আদর্শ আচরণবিধি জারি হলে নতুন নিয়োগ সংক্রান্ত ঘোষণা বা পদক্ষেপে বিধিনিষেধ থাকে। তাই অনেকের ধারণা ছিল, নির্বাচন ঘোষণার পরে হয়তো এই ইন্টারভিউ স্থগিত রাখতে পারে পর্ষদ। তবে শিক্ষা দফতরের একাংশের মতে, এই নিয়োগ প্রক্রিয়া আগেই শুরু হয়েছে এবং একাধিক জেলার সাক্ষাৎকার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে এটি নতুন কোনও ঘোষণা নয়, বরং চলমান প্রক্রিয়ার অংশ। পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, ‘এই নিয়োগ প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছে। ইন্টারভিউ নেওয়া মানেই সঙ্গে সঙ্গে নিয়োগপত্র দেওয়া নয়। তাই ভোট ঘোষণার পরেও সাক্ষাৎকার গ্রহণে কোনও সমস্যা হওয়ার কথা নয়।’ তাঁর কথায়, নির্ধারিত সময়সূচি মেনেই ধাপে ধাপে ইন্টারভিউ সম্পন্ন করার চেষ্টা চলছে।  


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!