- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৬, ২০২৫
মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, অরূপ বিশ্বাসের ইস্তফার চিঠি গ্রহণ । পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত মন্ত্রকের দায়িত্বে মুখ্যমন্ত্রীই
যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনার প্রেক্ষিতে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস। সোমবার, ১৫ ডিসেম্বর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তিনি ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি চান। মঙ্গলবার সেই ইস্তফা গৃহীত হয়েছে বলে ক্রীড়া দফতর সূত্রে জানা গিয়েছে। জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অরূপের ছেড়ে দেওয়া দফতর সামলাবেন।
তবে অরূপ বিশ্বাস মন্ত্রিসভায় থাকছেন। তিনি রাজ্যের বিদ্যুৎ দফতরের মন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করবেন। আপাতত ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব অন্য কাউকে না দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হাতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার অরূপের ইস্তফাপত্র প্রকাশ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ইস্তফাপত্র জমা পড়ার পর ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের শীর্ষ আধিকারিকদের নবান্নে তলব করা হয়। মঙ্গলবার দুপুরে তাঁরা নবান্নে পৌঁছন। তার পরই ইস্তফা গ্রহণের বিষয়টি নিশ্চিত হয়।
শনিবার যুবভারতীতে ফুটবল তারকা লিয়োনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হয়। মেসিকে কাছ থেকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকেরা ভাঙচুরে জড়িয়ে পড়েন। অভিযোগ ওঠে, মেসি মাঠে থাকার সময় তাঁর খুব কাছেই ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেই ছবি ও ভিডিও দ্রুত ভাইরাল হয় এবং ফুটবলপ্রেমী জনতার পাশাপাশি তৃণমূলের অন্দরেও সমালোচনার মুখে পড়েন অরূপ। এর পরই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়—তাঁকে কি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরানো হবে ? নবান্ন সূত্রে জানা গেছে, যুবভারতীতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টর পর মুখ্যমন্ত্রী রুষ্ট হয়েছিলেন সংশ্লিষ্ট মন্ত্রীর ওপরে, বলেছিলেন, “সামলাতে না পারলে দফতর ছেড়ে দাও”, তার পরেই অরূপের এই ইস্তফার চিঠি। যদিও বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, অরূপকে মন্ত্রীপদে রেখে কি ভাবে নিরপেক্ষ তদন্ত সম্ভব, দাবি উঠেছিল অরূপের ইস্তফার। অবশেষে কি নিজেই পিছু হটলেন অরূপ ? তেমনই মনে করছেন তৃণমূলের একটা বড় অংশ। তারাও মেসির অনুষ্ঠানে অরূপের উপস্থিতি ও মেসিকে জড়িয়ে ধরে ছবি তোলাকে সমর্থন করেনি।
❤ Support Us






