- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৩, ২০২৬
১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পর্ব, একসঙ্গেই সাপ্লিমেন্টারি পরীক্ষা । বিভ্রান্তি এড়াতে তিন ধরনের প্রশ্নপত্র
আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিকের চতুর্থ বা চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা। এ বছর নতুন সেমেস্টার ব্যবস্থায় তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের ফল মিলিয়ে উচ্চ মাধ্যমিকের সামগ্রিক মূল্যায়ন হবে। তার মধ্যেই একই সময়ে অনুষ্ঠিত হবে তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও। ফলে পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র নিয়ে বিভ্রান্তি এড়াতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সূত্রে জানা গিয়েছে, এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৩ ধরনের পরীক্ষার্থী একসঙ্গে পরীক্ষা দেবে— চতুর্থ সেমেস্টারের পরীক্ষার্থী, তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী এবং পুরনো পাঠ্যক্রমে পরীক্ষা দেওয়া পরীক্ষার্থী। তাই ৩ ধরনের প্রশ্নপত্র ৩ রঙের আলাদা খামে রাখা হবে, যাতে কোনো ভাবেই প্রশ্নপত্র গুলিয়ে না যায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘এ বার একাধিক পরীক্ষাকেন্দ্রে একই দিনে ৩ ধরনের পরীক্ষা হবে। তাই প্রশ্নপত্র বণ্টনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে।’
সংসদের তথ্য অনুযায়ী, এ বছর তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে চলেছে মোট ২৫৭০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১১০৪ জন পরীক্ষার্থী তৃতীয় সেমেস্টারের জন্য নাম নথিভুক্তই করেনি। আবার ১৪৬৬ জন নাম নথিভুক্ত করেও তৃতীয় সেমেস্টারের পরীক্ষায় বসেনি। ওই সকল পরীক্ষার্থী চতুর্থ সেমেস্টারের পরীক্ষার সঙ্গে সঙ্গেই তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে। পাশাপাশি, তৃতীয় সেমেস্টারে পরীক্ষা দিয়ে কোনও একটি বা একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৫৬,৩৯৪ জন। চিরঞ্জীব ভট্টাচার্য জানান, তৃতীয় সেমেস্টারে অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের যাতে এক বছর নষ্ট না হয়, সে কথা মাথায় রেখেই এমন ব্যবস্থা। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘চতুর্থ সেমেস্টারে অকৃতকার্য হলে চলতি বছরে আর সেই পরীক্ষায় বসার সুযোগ থাকবে না। সে ক্ষেত্রে বছর নষ্ট হবে।’
উল্লেখ্য, সিবিএসই বা আইএসসি বোর্ডে যেখানে একই বছরে ইমপ্রুভমেন্ট পরীক্ষার সুযোগ থাকে, সেখানে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিকে এখনো সে ব্যবস্থা চালু হয়নি। যদিও সংসদ-সভাপতির আশ্বাস দিয়েছেন যে, ভবিষ্যতে ওই সম্ভাবনা নিয়ে ভাবনাচিন্তা চলছে। এ বছর পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ১৫,২২৪ জন পরীক্ষার্থী। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৭,০৭,৬৭২ জন পরীক্ষার্থীর নাম নথিভুক্ত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র চতুর্থ সেমেস্টারের পরীক্ষার্থী ৬,৩৩,৫৫৮ জন, তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী ৫৮,৮৬৪ জন। এর মধ্যেই নতুন পাঠ্যক্রমে চতুর্থ সেমেস্টারের মডেল প্রশ্ন প্রকাশ না হওয়ায় পড়ুয়া ও অভিভাবকদের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রশ্নের ধরন, নম্বর বিভাজন এবং নির্দিষ্ট শব্দসংখ্যায় উত্তর লেখার নির্দেশিকা এখনো স্পষ্ট নয়। বিশেষ করে পুরো পরীক্ষা ব্যাখ্যামূলক হওয়ায় ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে সময় সামলানো নিয়ে চিন্তায় রয়েছেন তারা। নতুন সেমেস্টার ব্যবস্থায় আগের মতো স্কুলস্তরের টেস্ট না হওয়ায় মডেল প্রশ্নের উপর নির্ভরতা আরো বেড়েছে বলে মত শিক্ষামহলের। যদিও এ প্রসঙ্গে সংসদ-সভাপতি আশ্বাস দিয়ে বলেছেন, ‘আগামী ১০ দিনের মধ্যেই প্রতিটি বিষয়ের আলাদা আলাদা মডেল প্রশ্ন প্রকাশ করা হবে। প্রতিটি বিষয়ে ২টি করে মডেল প্রশ্নের পাশাপাশি প্রশ্নব্যাঙ্কও থাকবে। কলেজ স্ট্রিট, সংসদের প্রধান কার্যালয় এবং আঞ্চলিক অফিস থেকে নামমাত্র মূল্যে এগুলি পাওয়া যাবে।’
পাশাপাশি, পড়ুয়াদের প্রস্তুতিতে সহায়তা করতে ডিজিটাল মাধ্যমেও জোর দিচ্ছে সংসদ। মোট ৫২টি বিষয়ে ৪০০টিরও বেশি টিউটোরিয়াল ভিডিয়ো ইতিমধ্যেই সংসদের অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। ভিডিয়োগুলিতে গুরুত্বপূর্ণ অধ্যায়ের পাশাপাশি কম সময়ে কী ভাবে মানসম্মত উত্তর লিখে বেশি নম্বর পাওয়া যায়, সে বিষয়েও দিকনির্দেশ দেওয়া হয়েছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি নেপালি-সহ একাধিক ভাষায় এই ভিডিয়ো তৈরি করা হয়েছে। সংসদ সচিব প্রিয়দর্শনী মল্লিক জানান, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগামী সপ্তাহে রাজ্যের ৮৫০টি স্কুল থেকে একজন করে শিক্ষককে নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, পরীক্ষাসূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্ব। ১৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার পরীক্ষা। এরপর ১৭ ফেব্রুয়ারি থেকে বিষয়ভিত্তিক পরীক্ষা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। বৃত্তিমূলক বিষয়গুলি বাদে অধিকাংশ বিষয়ে পরীক্ষার্থীরা ২ ঘণ্টা সময় পাবে। সব মিলিয়ে, নতুন সেমেস্টার ব্যবস্থায় সীমিত সময়ের মধ্যে পড়ুয়াদের প্রস্তুতিকে মজবুত করতে প্রশাসনিক ও শিক্ষামূলক—দুদিকেই একাধিক পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এখন পরীক্ষার্থীদের নজর শুধু মডেল প্রশ্ন প্রকাশ এবং আসন্ন পরীক্ষার দিকেই।
❤ Support Us






