- দে । শ প্রচ্ছদ রচনা
- আগস্ট ২২, ২০২৫
প্রকাশিত রাজ্য জয়েন্ট-এর ফল, মেধাতালিকার শীর্ষে ডন বস্কোর অনিরুদ্ধ
প্রায় ৪ মাসের প্রতীক্ষার অবসান। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশে প্রকাশিত হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। চলতি বছরে ২৭ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার কারণে ফলপ্রকাশ থমকে ছিল দীর্ঘদিন। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড। পরীক্ষার ১১৭ দিনের মাথায় জানা গেল কে থাকল শীর্ষে, কারা বা পৌঁছল প্রথম দশে।
এ বছরের রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন পার্ক সার্কাসের ডন বস্কো স্কুলের ছাত্র অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে সাম্যজ্যোতি বিশ্বাস, নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র। তৃতীয় স্থান দখল করেছেন কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু। চতুর্থ স্থানেও সেই একই স্কুলের ছাত্র, অরিত্র রায়। মেধা তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে রাজ্যের একাধিক জেলার ছাত্রছাত্রীরা। কলকাতার পাশাপাশি রয়েছে নদিয়া, বর্ধমান, মেদিনীপুর ও খড়গপুরের পড়ুয়ারাও। পঞ্চম স্থান অধিকার করেছে দুর্গাপুরের পিইউআরভি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র তৃষ্ণাজিৎ দলই। ষষ্ঠ স্থানে রয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র সাগ্নিক পাত্র। সপ্তম হয়েছেন বর্ধমান মডেল স্কুলের সম্বিত মুখোপাধ্যায়। অষ্টম স্থানে রয়েছেন খড়গপুর ডিএভি মডেল স্কুলের ছাত্র অর্চিষ্মান নন্দী। নবম স্থান দখল করেছেন রাজারহাট দিল্লি পাবলিক স্কুলের প্রতীক ধানুকা। মেধাতালিকার দশম স্থানে রয়েছেন বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র অর্ক বন্দ্যোপাধ্যায়। পরীক্ষার্থীরা wbjeeb.nic.in এবং wbjeeb.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।
জয়েন্ট পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাঁরা কোনো কারণে প্রত্যাশিত ফল পাননি, তাঁদের বলব মন খারাপ না করে ভবিষ্যতের জন্য নতুন উদ্যমে প্রস্তুতি নিতে।’ তিনি আরো লিখেছেন, ‘আইনি জটিলতার জন্য ফল প্রকাশে দেরি হলেও আমি বিশ্বাস করি, সমস্ত প্রতিকূলতা জয় করে রাজ্যের ছাত্রছাত্রীরা আগামী দিনে আরো বড়ো সাফল্য অর্জন করবে।’
রাজ্য জয়েন্টের ফলপ্রকাশে বিলম্ব এবারই প্রথম নয়, তবে এ বছরের জট ছিল তুলনায় বেশি জটিল। চলতি বছর জয়েন্ট পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। বোর্ড ৫ জুনের মধ্যে ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতিও সেরে ফেলেছিল। কিন্তু ওবিসি শ্রেণিভুক্ত সংরক্ষণ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে রায় ঘিরে জটিলতা তৈরি হয়। ফলে আটকে যায় ফলপ্রকাশ। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জনিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলে, শুক্রবারই সে হাইকোর্টের আদেশের উপর স্থগিতাদেশ জারি হয়। সুপ্রিম নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফলপ্রকাশের প্রক্রিয়া শুরু করে বোর্ড। এবারেও মেধা তালিকায় কলকাতার স্কুলগুলির প্রর্দশন নজরকারা। শীর্ষ দশে কলকাতার ৪টি স্কুলের ছাত্র রয়েছে। বোর্ড সূত্রে খবর, কাউন্সেলিং এবং ভর্তির সময়সূচি খুব শীঘ্রই জানানো হবে। আইনি জটিলতায় আটকে থাকলেও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করা হবে।
❤ Support Us





