Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৩, ২০২৫

আবহাওয়া এখনই উন্নতির সম্ভাবনা নেই, সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর, বেসরকারি অফিসে ওয়ার্ক ফ্রম হোম করার অনুরোধ

আরম্ভ ওয়েব ডেস্ক
আবহাওয়া এখনই উন্নতির সম্ভাবনা নেই, সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর, বেসরকারি অফিসে ওয়ার্ক ফ্রম হোম করার অনুরোধ

মঙ্গলবারের সকালটা যে এরকম দুর্যোগপূর্ণ হবে তা ভাবেনি শহরবাসী। সোমবার রাত থেকে কলকাতা জুড়ে চলেছে ভয়াল দুর্যোগ। মেঘ-ভাঙা-বৃষ্টির মতো দুর্যোগে মহানগর প্লাবিত হয়েছে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়ার উন্নতির কোনও খবরই দিতে পারছে না।
এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার, অর্থাৎ দ্বিতীয়া থেকেই সমস্ত সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ থেকেই স্কুলগুলিতে পুজোর ছুটি শুরু হয়ে গেল। পাশাপাশি ICSE ও CBSE বোর্ডের স্কুলগুলিকে মঙ্গলবার থেকে কমপক্ষে ২ দিন ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়গুলিকেও আগামী ২ দিন অনলাইনে ক্লাস করাবার জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বেসরকারি অফিসগুলিকে আগামী ২ দিন ওয়ার্ক ফ্রম হোম প্রক্রিয়ায় কর্মীদের কাজ করাবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্ভব হলে বিশ্ববিদ্যালয় আগামী ২ দিন ছুটি দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ।

এই ভয়ানক দুর্যোগের আবহে, আজ স্থগিত করে দেওয়া হয় কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা।

গত রাত থেকে টানা বৃষ্টির ফলে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতায়। শহরের এমন কোনও জায়গা নেই যেখানে জল জমেনি। জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইতিমধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী সিইএসসি-কে অভিযুক্ত করেছেন। মঙ্গলবার দুপুরে একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন— “এর দায় সিইএসসি-কে নিতে হবে। এখনই জরুরি ভিত্তিতে কর্মীদের নামাতে হবে। এখানে ব্যবসা করছে, আর আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে! কলকাতায় কেন করছে না? বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে।”

মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, খোলা তার, জলমগ্ন রাস্তায় বিপদ আরও বাড়ছে। তাই স্কুল পড়ুয়ারা যাতে কোনও রকমভাবে অসুবিধার মধ্যে না পড়ে সেই কারণেই পুজোর ছুটি ৪ দিন আগেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নাগাড়ে বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণ, জলমগ্ন গোটা শহর। বহু রাস্তা, যেগুলিতে আগে জল জমেনি, সেগুলিও ডুবে গিয়েছে হাঁটু সমান জলে। গঙ্গায় ফের জোয়ার এলে পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা প্রশাসনের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!