Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ১৬, ২০২৬

দু-দফার বিধানসভা ভোটে কড়া নজরদারি কমিশনের: বাংলায় আসছে প্রায় সাড়ে ৩০০ পর্যবেক্ষক, সংবেদনশীল কেন্দ্রে আলাদা নজর

আরম্ভ ওয়েব ডেস্ক
দু-দফার বিধানসভা ভোটে কড়া নজরদারি কমিশনের: বাংলায় আসছে প্রায় সাড়ে ৩০০ পর্যবেক্ষক, সংবেদনশীল কেন্দ্রে আলাদা নজর

বিধানসভা ভোটের ডঙ্কা বেজে গিয়েছে। আগামী এপ্রিল মাসে দু-দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার নির্বাচন কমিশন সেই সূচি ঘোষণা করার পরই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে জোরকদমে। ভোট প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে এবার রাজ্যে পাঠানো হচ্ছে প্রায় সাড়ে ৩০০ জন পর্যবেক্ষক। এদের মধ্যে থাকবেন সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক এবং আয়-ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার প্রায় দ্বিগুণ পর্যবেক্ষক মোতায়েন করা হচ্ছে পশ্চিমবঙ্গে। খুব শীঘ্রই পর্যবেক্ষকরা রাজ্যে এসে দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে ভোটের ঘোষণা হওয়ার পরই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কমিশন। সোমবার সিইও দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। সে কারণে নিরাপত্তা ও নজরদারির ক্ষেত্রে কোনও রকম খামতি রাখতে চাইছে না কমিশন। কয়েকদিন আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, গতবারের তুলনায় পর্যবেক্ষকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী এবার রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র বিধানসভা কেন্দ্রগুলির জন্যই মোতায়েন করা হবে ২৯৪ জন পর্যবেক্ষক।

পুলিশি নজরদারির ক্ষেত্রেও বাড়ানো হয়েছে তৎপরতা। রাজ্যের ২৮টি পুলিশ জেলায় দু’জন করে পুলিশ পর্যবেক্ষক থাকবেন। পাশাপাশি ছয়টি পুলিশ কমিশনারেট এলাকাতেও দু’জন করে পর্যবেক্ষক নিয়োগ করা হবে। এর পাশাপাশি আরও কয়েকজন রিজার্ভ পর্যবেক্ষক রাখা হবে, যাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় কাজে লাগানো হবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচনী ব্যয়ের ওপর নজরদারি চালাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, এবার নির্বাচনী প্রক্রিয়ার সময় দল ও প্রার্থীদের আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখতে প্রায় ৭০ থেকে ৮০ জন ব্যয় পর্যবেক্ষক রাজ্যে আসবেন।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ১৬০ জন সাধারণ পর্যবেক্ষক ছিলেন। সে সময় এক একজন আধিকারিককে একাধিক কেন্দ্রের দায়িত্ব সামলাতে হয়েছিল। কিন্তু এবারের নির্বাচনী বিন্যাসে সেই পদ্ধতি বদলানো হচ্ছে। প্রশাসনিক মহলের মতে, প্রতি কেন্দ্রে আলাদা পর্যবেক্ষক থাকলে নজরদারি আরও নির্ভুল ও কার্যকর হবে। এছাড়াও ২০২১ সালে রাজ্যে মোট ৩৭ জন পুলিশ পর্যবেক্ষক ছিলেন। এবার সেই সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে এবং এলাকাভিত্তিক নিয়োগের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সব মিলিয়ে নির্বাচন কমিশনের এই পরিকল্পনা থেকেই স্পষ্ট, আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে কোনও ধরনের ঝুঁকি নিতে নারাজ কমিশন। শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে এবার নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!