- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২, ২০২৬
শেষ মূহুর্তে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ‘সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা’র দিনক্ষণ বদল
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি ও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবার কথা ছিল সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার। প্রতি বছরই ৩ দিন ধরে নন্দন, বাংলা অকাদেমি ও একতারা মুক্ত মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রাম ও শহর মিলিয়ে কয়েক শো কবি, সাহিত্যিক, শিল্পীরা অংশগ্রহণ করেন। প্রতিটা স্টলে তুমুল আগ্রহ নিয়ে পত্রিকা-বইপত্রের পাতা উল্টেপাল্টে দেখেন হাজারো পাঠক। একাধিক পুরস্কারে সম্মানিত হন চিন্তায়, মননে ছাপ রাখা ভাষাশিল্পীরা, লিটল ম্যাগাজিনগুলি। পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের বিভিন্ন রাজ্য থেকে নিজেদের বিপুল সম্ভার নিয়ে হাজির হয় বিবিধ আঙ্গিকের লিটল ম্যাগাজিন।
তবে এবারে শুরুতেই ছন্দপতন। সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সচিব বাসুদেব ঘোষ সাক্ষরিত একটি বয়ান ঘুরছে। তাতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত রবীন্দ্রসদন-নন্দন-বাংলা আকাদেমি প্রাঙ্গণে বাংলা সংগীত মেলা ৪ দিন বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির আয়োজনে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা পূর্বনির্ধারিত সূচি অর্থাৎ ৭-১১ জানুয়ারির পরিবর্তে ৯-১৩ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত হবে।’ বহু লিটিল ম্যাগাজিনের সম্পাদকরাও জানিয়েছেন, আকাদেমি থেকে ফোন করে তাঁদের জানানো হয়েছে দিন পরিবর্তনের কথা। এই সিদ্ধান্ত ঘিরে মিশ্র প্রতিক্রিয়া আসছে শিল্প-সাহিত্য মহল থেকে।
নতুন সূচি অনুযায়ী, ৯ জানুয়ারি ২০২৬, বিকেল ৫ টায় রাজ্যের শিক্ষামন্ত্রী ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি ব্রাত্য বসু, মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতিতে এই উৎসব ও মেলার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবে। আকাদেমির তরফে এই অনিচ্ছাকৃত সময় বদলের জন্য ক্ষমা প্রার্থনা জানিয়ে, উদ্বোধন অনুষ্ঠান ও মেলার অন্য ৪ দিন সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
❤ Support Us






