- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৯, ২০২৬
‘পক্ষপাতিত্বের প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব’: তৃণমূলকে চ্যালেঞ্জ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের
পূর্ব মেদিনীপুর জেলার তিনদিনের সফরে গিয়ে বিতর্কে জড়ালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, নন্দীগ্রাম সফরের সময় তিনি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এক নেতার সঙ্গে ঘুরেছেন।
সম্প্রতি, একটি প্রচারসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সিইও নন্দীগ্রামে গিয়ে বিজেপির লোকজনের সঙ্গে ছিলেন। এরপর তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও একটি ছবি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় মনোজ আগরওয়ালের পাশে দাঁড়িয়ে রয়েছেন এলাকার বিজেপি নেতা তপনকুমার মহাপাত্র, যাকে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে দাবি করা হয়।
এ প্রসঙ্গে সাংবাদিক বৈঠকও করেন তৃণমূল নেতা চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষ। চন্দ্রিমা অভিযোগ করেন, ‘সিইও তপন মহাপাত্রের সঙ্গে ছিলেন। যিনি বিরোধী দলনেতার ঘনিষ্ঠ বলে পরিচিত, তাঁর সঙ্গেই নন্দীগ্রামে ঘোরাফেরা করেছেন।’
এর পাশাপাশি, মঙ্গলবার তৃণমূল দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে চিঠি পাঠিয়ে সিইও-র বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানায়। তাদের দাবি, মনোজ আগরওয়াল নাকি নির্দিষ্ট ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ এলাকায় গিয়ে ভোটারদের মতামত সংগ্রহ করেছেন। তাঁকে শোকজ করারও দাবি তোলে শাসক দল। এসব অভিযোগের জবাবে মুখ খোলেন মনোজ আগরওয়াল। তিনি বলেন, ‘জেলাশাসক আমাকে বিভিন্ন জায়গায় পরিদর্শনে নিয়ে যান। সেখানে হাজারের বেশি মানুষ ছিলেন। তাদের মধ্যে কে কোন রাজনৈতিক দলের, তা বোঝা সম্ভব নয়। যদি কেউ প্রমাণ করতে পারেন যে ওই ব্যক্তির সঙ্গে নির্বাচন কমিশনের কোনো যোগ রয়েছে, তাহলে আমি পদত্যাগ করব।’ সিইও-র এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ-পাল্টা অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে বিষয়টি প্রবল রাজনৈতিক তরজার আকার নিতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
❤ Support Us







