Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১, ২০২৬

প্রার্থী অসন্তোষে বিধান ভবনে রক্তারক্তি, কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে তুমুল বিক্ষোভ ও ভাঙচুর

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রার্থী অসন্তোষে বিধান ভবনে রক্তারক্তি, কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে তুমুল বিক্ষোভ ও ভাঙচুর

প্রার্থী নির্বাচন ঘিরে তীব্র অসন্তোষের জেরে বুধবার বিধান ভবনে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। প্রদেশ কংগ্রেসের সদর দফতরে বিক্ষুব্ধ কর্মীদের বিক্ষোভ ঘিরে শুরু হয় বচসা, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি চলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ‘বহিরাগত’ প্রার্থী দেওয়ার প্রতিবাদে এই আন্দোলন। সংঘর্ষের সময় রডের আঘাতে এক কংগ্রেস কর্মীর মাথা ফেটে যায়। আহত কর্মীরা রাস্তায় বসে পড়ে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকেন। ধস্তাধস্তির মধ্যে এক মহিলা কর্মী অজ্ঞান হয়ে পড়েন এবং মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগও ওঠে।

ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যুব কংগ্রেস নেতা কাশিফ রেজার নাম। দলের একাংশের অভিযোগ, তাঁর নির্দেশেই বহিরাগত লোক এনে কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এই অভিযোগ প্রকাশ্যে আনেন জাহিদ হোসেন, যিনি বালিগঞ্জ আসনের টিকিট প্রত্যাশী ছিলেন। তবে ওই আসনে টিকিট দেওয়া হয়েছে প্রয়াত নেতা সোমেন মিত্রের ছেলে রোহন মিত্রকে। এই সিদ্ধান্ত ঘিরেই ক্ষোভ চরমে ওঠে।

উল্লেখ্য, এর আগেও একই ইস্যুতে প্রায় ১০ জন কংগ্রেস কর্মী সদর দপ্তরে বিক্ষোভ দেখিয়েছিলেন। বুধবার সেই ক্ষোভ বিস্ফোরিত আকার নেয়।

শুধু কলকাতাতেই নয়, প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় কংগ্রেসের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। রবিবার ২৮৪টি আসনে প্রার্থী ঘোষণা করার পর থেকেই এই অসন্তোষ বাড়তে থাকে।

আমতা, বাগনান, শ্যামপুর, উলুবেড়িয়া দক্ষিণ, উলুবেড়িয়া পূর্ব সহ একাধিক কেন্দ্রে প্রার্থী নির্বাচন নিয়ে তীব্র অসন্তোষ দেখা যায়। আমতার চারবারের বিধায়ক অসিত মিত্রও প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন।

পূর্ব বর্ধমানের মন্তেশ্বর, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর ও খণ্ডঘোষ এলাকায় বিক্ষুব্ধ কর্মীরা জেলা কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর চালায়। এমনকি মূল গেটের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। অন্যদিকে, ফালাকাটা ব্লক কংগ্রেস কার্যালয়েও ‘বহিরাগত’ প্রার্থী বাতিলের দাবিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সব মিলিয়ে, প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য কংগ্রেসে চরম অস্থিরতা ও গোষ্ঠীদ্বন্দ্বের ছবি স্পষ্ট হয়ে উঠেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!