Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২২, ২০২৬

গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টির দাপট, ভাসতে পারে দক্ষিণবঙ্গের ৬ জেলা

আরম্ভ ওয়েব ডেস্ক
গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টির দাপট, ভাসতে পারে দক্ষিণবঙ্গের ৬ জেলা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে মঙ্গলবার রাতের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে আপাতত এই নিম্নচাপের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের উপর দিয়ে নিম্নচাপের স্থলভাগে প্রবেশের সম্ভাবনাও নেই। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার সকালে নিম্নচাপটি ওড়িশার গোপালপুর থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় ২৯০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ছয় ঘণ্টায় মাত্র ১৮ কিলোমিটার এগিয়েছে নিম্নচাপটি। আগামী ১২ ঘণ্টায় এটি বঙ্গোপসাগরের উপর দিয়ে আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কোনও একটি অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে নিম্নচাপটি। সম্ভাব্য স্থলভাগে প্রবেশের এলাকা হতে পারে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী অঞ্চল। উত্তর ভারত মহাসাগরে তৈরি হওয়া পরবর্তী ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ। সেই অনুযায়ী, নিম্নচাপটি পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘অর্ণব’, যার বাংলা অর্থ সমুদ্র। তবে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম ও পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দুই মেদিনীপুর-সহ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

গভীর নিম্নচাপের সরাসরি প্রভাব উত্তরবঙ্গে না পড়লেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা থাকায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছাকাছি গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। বজ্রপাতের সময় সাধারণ মানুষকে খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ওড়িশার উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুর্যোগের আশঙ্কায় ওড়িশার খুরদা, গঞ্জাম, জগৎসিংহপুর এবং গজপতি জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!