Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৩, ২০২৬

‘এসআইআর’ চলাকালীন ইস্যু হওয়া জন্ম শংসাপত্র খতিয়ে দেখবে রাজ্য সরকার, জারি বিজ্ঞপ্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
‘এসআইআর’ চলাকালীন ইস্যু হওয়া জন্ম শংসাপত্র খতিয়ে দেখবে রাজ্য সরকার, জারি বিজ্ঞপ্তি

ভোটের আগে ‘এসআইআর’ আবহে বিভিন্ন পুরসভার তরফে ইস্যু হওয়া জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট নিয়ে নতুন করে তৎপর হল রাজ্য সরকার। সূত্রের খবর, ওই সময়কালে পুরসভাগুলি থেকে যেসব জন্ম শংসাপত্র দেওয়া হয়েছিল, সেগুলি পুনরায় যাচাই করার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার।

দুর্নীতি ও কারচুপির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। কাটমানি, তোলাবাজি ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপের পর এবার নজরে এসেছে বার্থ সার্টিফিকেট ইস্যুর বিষয়টি। অভিযোগ, ‘এসআইআর’ চলাকালীন সময়ে কিছু পুরসভা থেকে অস্বাভাবিক হারে জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে, যার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, ‘এখন যদি হঠাৎ মনে হয় রিভিউ করার, রিভিউ হোক। বিরোধী দলনেতা আরটিআই করেছিলেন, আমি কলকাতা পুরসভার হাউসে দাঁড়িয়ে রেকর্ডে জবাব দিয়েছিলাম। নম্বরও জানিয়েছিলাম। এখন যদি আবার খতিয়ে দেখতে চায়, করুক। কোনো অসুবিধা নেই।’

উল্লেখ্য, ভোটের আগে জাল জন্ম শংসাপত্রের অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে এই বিষয়ে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল, কলকাতা পুরসভা বেআইনি ও অনৈতিকভাবে বিপুল সংখ্যক জন্ম শংসাপত্র বিতরণ করেছে। অভিযোগ অনুযায়ী, প্রকৃত নাগরিকদের বদলে সন্দেহভাজন ব্যক্তিদের সুবিধা করে দিতেই এই শংসাপত্র দেওয়া হয়েছে, যাতে ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকি এড়ানো যায়।

ক্ষমতায় আসার পর এবার সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্য সরকার পুরসভাগুলির দেওয়া জন্ম শংসাপত্র পুনরায় যাচাই করতে উদ্যোগী হয়েছে। জোড়াসাঁকোর বিজেপি বিধায়ক বিজয় ওঝা বলেন, ‘হঠাৎ দেখা যাচ্ছে অনেকেই নাকি বাড়িতে জন্ম নিয়েছে। সংখ্যাটা অস্বাভাবিকভাবে বেশি। কারা সত্যিই বাড়িতে জন্মেছে আর কোথায় ভুয়ো তথ্য দেওয়া হয়েছে, তা রিভিউ করা প্রয়োজন। ‘এসআইআর’-এর নাম করে কতজনকে জন্ম করানো হয়েছে, তা খতিয়ে দেখা দরকার।’ বৃহস্পতিবার, স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে। সূত্রের খবর, কীভাবে জন্ম শংসাপত্রগুলির যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে, তা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!