- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ৩, ২০২৫
কেরালার ‘মলয়ালা রত্ন’ সম্মান পেলেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস
রাজ্যপাল হিসাবে বহুল চর্চিত। প্রায়শই খবরের শিরোনামে থাকেন রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের কারণে। এবার মালয়ালম সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস ‘মলয়ালা রত্ন’ পুরস্কারে সম্মানিত হলেন। সোমবার রাজভবনের তরফে প্রকাশিত এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
জানা যাচ্ছে, কেরালার কোচিতে অনুষ্ঠিত ১০ দিনের আন্তর্জাতিক বইমেলার মঞ্চে সোমবার রাজ্যপাল বোসের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। তাঁর লেখা ‘মিথ অ্যান্ড সায়েন্স — ওরু পুনর্ভাবনা’ বইটির জন্যই তিনি এ পুরস্কার পান। একইসঙ্গে বইটি ‘বর্ষসেরা গ্রন্থ’-এর স্বীকৃতিও অর্জন করেছে। পুরস্কারে সম্মানিত, আবেগাপ্লুত রাজ্যপাল বলেন, ‘এ সম্মান আমি উৎসর্গ করছি কেরালার সব মানুষকে এবং সারা বিশ্বের সেইসব পাঠককে, যারা আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন।’
অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কে.ভি. থমাস। এদিনই উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল আনন্দ বোসের লেখা আরো ১৪টি বই প্রকাশ করেন এবং সেগুলি কোচির মেয়র এম. অনিলকুমারের হাতে তুলে দেন। বইমেলায় উপস্থিত সাহিত্যপ্রেমীরা জানান, সি.ভি. আনন্দ বোসের সাহিত্যচর্চা ও গবেষণামূলক লেখনী মালয়ালম ভাষায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। তাঁর বইয়ে পুরাণ ও বিজ্ঞানের সংলাপ যেমন আছে, তেমনই আছে মানুষের চেতনার গভীর অনুসন্ধান। কেরালার সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ সম্মানকে এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। রাজনীতিক, প্রশাসক ও সাহিত্যিক হিসেবে বহুমাত্রিক সাফল্যের সাক্ষী থাকলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস।
❤ Support Us






