- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৯, ২০২৬
ভিনরাজ্যে ভোট পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে বাংলার আইপিএসদের। নবান্নের পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল নির্বাচন কমিশনের
ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ১৫ জন আইপিএস আধিকারিককে ভিনরাজ্যে ভোট পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের তামিলনাড়ু ও কেরলে নির্বাচনী প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। এই তালিকায় একাধিক পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপার স্তরের অভিজ্ঞ আধিকারিকরা রয়েছেন।
যে ১৫ জন ভিনরাজ্যে যাচ্ছেন তাঁরা হলেন — রশিদ মুনির খান, সন্দীপ কারা, প্রিয়ব্রত রায়, প্রবীণ কুমার ত্রিপাঠি, মুকেশ, মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায়, ধৃতিমান সরকার, সি সুধাকর, ভাস্কর মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমনদীপ, আকাশ মাঘারিয়া, আলোক রাজোরিয়া এবং সৈয়দ ওয়াকার রাজা।
ভোট ঘোষণার পরই নির্বাচন কমিশন এই আধিকারিকদের নিজ নিজ পদ থেকে সরিয়ে দিয়েছিল। যদিও পরে নবান্ন তাঁদের অন্যত্র পুনর্বহাল করে। কিন্তু সেই পুনর্বহালও শেষ পর্যন্ত বাতিল করে কমিশন এবং তাঁদের ভিনরাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
ভোট ঘোষণার দিন থেকেই কমিশন একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলির নির্দেশ দেয়। এর মধ্যে— রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব, কলকাতা পুলিশের কমিশনার ও ডিজি, একাধিক জেলার পুলিশ সুপার, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি ও জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি, এছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ারের জেলাশাসকদেরও বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
এই ব্যাপক বদলি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুরলীধর শর্মা, সৈয়দ ওয়াকার রাজাকে আপাতত যেতে হচ্ছে না বলে কমিশন নির্দেশ দিয়েছে।
❤ Support Us







