Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১১, ২০২৬

ডিজিটাল বিধানসভার পথে বাংলা, নতুন বিধায়কদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবিরের ঘোষণা স্পিকার রথীন্দ্র বোসের

আরম্ভ ওয়েব ডেস্ক
ডিজিটাল বিধানসভার পথে বাংলা, নতুন বিধায়কদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবিরের ঘোষণা স্পিকার রথীন্দ্র বোসের

বাংলায় প্রথমবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিজেপি। সরকার গঠনের পরই বিধানসভার কার্যপদ্ধতিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে । সেই ধারাবাহিকতায় এবার বিধানসভাকে সম্পূর্ণ পেপারলেস করার ঘোষণা করলেন স্পিকার রথীন্দ্র বোস । পাশাপাশি নতুন বিধায়কদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি ।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার জানান, বর্তমান বিধানসভায় প্রায় ২০০ জন বিধায়ক নতুন । তাঁদের সংসদীয় কার্যপ্রণালি ও বিধানসভার নিয়মকানুন সম্পর্কে সম্যক ধারণা দিতে বাজেট অধিবেশনের পর প্রশিক্ষণ শিবির আয়োজন করা হবে । এই প্রশিক্ষণ কর্মসূচিতে উত্তরপ্রদেশ ও রাজস্থানের বিধানসভার স্পিকারদের পাশাপাশি লোকসভার স্পিকারও উপস্থিত থাকবেন এবং নবীন বিধায়কদের প্রশিক্ষণ দেবেন ।

এর পাশাপাশি ই-বিধানসভা প্রকল্প বাস্তবায়নের বিষয়েও ফের জোর দেন স্পিকার । তিনি জানান, খুব শীঘ্রই বিধানসভায় ডিজিটাল ব্যবস্থা চালু হবে এবং কার্যক্রম সম্পূর্ণ পেপারলেস করা হবে । এর ফলে সমস্ত তথ্য ও নথি সরাসরি ডিজিটাল মাধ্যমে পাওয়া যাবে । এতে যেমন কাজের গতি বাড়বে, তেমনই স্বচ্ছতাও বৃদ্ধি পাবে বলে তাঁর দাবি ।

উল্লেখ্য, গত ১৫ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অষ্টাদশ বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হন শাসকদলের মনোনীত প্রার্থী রথীন্দ্রনাথ বোস । সেদিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার কার্যক্রম সরাসরি সম্প্রচারের ঘোষণা করেছিলেন । তিনি বলেন, বাজেট-সহ গুরুত্বপূর্ণ অধিবেশনগুলি লাইভ দেখানোর ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষ নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের কাজ, বিরোধীদের ভূমিকা এবং সরকারের কার্যপ্রণালি সরাসরি দেখতে পারেন ।

মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, ঐতিহাসিক এই ভবনে নির্বাচিত বিধায়কদের পারফরম্যান্স জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন । একইসঙ্গে তিনি স্পষ্ট করেছিলেন, শুধু রাজনৈতিক বিরোধিতা নয়, বিরোধীদের গঠনমূলক অংশগ্রহণের মাধ্যমে বিধানসভাকে আরও সমৃদ্ধ করাই সরকারের লক্ষ্য ।

বৃহস্পতিবার স্পিকার রথীন্দ্র বোসও সেই একই বার্তা দিয়ে জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর ও আরও স্বচ্ছ বিধানসভা গড়ে তোলার দিকেই এগোচ্ছে রাজ্য ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!