- এই মুহূর্তে
- জানুয়ারি ৬, ২০২৩
রেকর্ড পারদপতনে কাঁপছে শীতের কলকাতা, ঠাণ্ডার প্রকোপ রাজ্যের অন্য জেলাগুলোতেও
জাঁকিয়ে শীত কলকাতায়। শীতপ্রেমী শহরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১০ ডিগ্রির ঘরে পৌঁছাল কলকাতার তাপমাত্রা। আগামী কদিন ঠাণ্ডার আমেজ এমনই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
কনকনে ঠান্ডায় কাঁপছে পশ্চিমবাংলা। তার রেশ পড়েছে কলকাতাতেও। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার মধ্যে সেই নজির ভেঙ্গে মরসুমের শীতলতম দিন পেল কলকাতা।
কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও চলছে উত্তুরে হাওয়ার দাপট। পুরুলিয়ায় ঠাণ্ডার প্রকোপ সবচেয়ে বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো ঠাণ্ডা পশ্চিম বর্ধমানের পানাগড়ে। সর্বনিম্ন তাপমাত্রা ৭.০ ডিগ্রি সেলসিয়াস। তার পরে বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ এবং বাঁকুড়া ও শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার দৌড়ে রয়েছে আসানসোলও । সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে পিছিয়ে নেই উপকূলবর্তী অঞ্চলগুলোও। দিঘা ও ডায়মণ্ড হারবারে উষ্ণতা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পার্শ্ববর্তী হাওড়াও শীতে বেশ কাবু। জেলার উলুবেড়িয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে , উত্তরে কালিম্পংয়ে ৪.০, দার্জিলিংয়ে ৪.৪, জলপাইগুড়িতে ৯.৯, কোচবিহারে ১০.৫, শিলিগুড়িতে ১১.৬ ডিগ্রি সেলসিয়ায় রেকর্ড হয়েছে। শীতের এই চালিয়ে ব্যাটিং কদিন? প্রশ্নের উত্তরে আবহাওয়া দফতরের কর্তা জানান রবিবার পর্যন্ত থাকবে হিমের এই পরশ।
❤ Support Us






