- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৪, ২০২৫
নিম্নমানের সিরাপ, তিন ওষুধের ওপর সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ভারতীয় বাজারে চালু তিনটি সিরাপের ওপর সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওষুধগুলি হল কোল্ডরিফ, রেসপিফ্রেশ টিআর এবং রিলাইফ। এই ওষুধগুলি স্রেসান ফার্মাসিউটিক্যাল, রেডনেক্স ফার্মাসিউটিক্যালস এবং শেপ ফার্মার তৈরি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থাকে বাজারের ওপর নজরদারি করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেখানে ওষুধগুলি সনাক্ত না করেই বিক্রি করা হতে পারে। পাশাপাশি এই সংস্থাগুলির ২০২৪ সালের ডিসেম্বর মাসের পর থেকে উৎপাদিত সিরাপের সঙ্গে সম্পর্কিত ঝুঁকিগুলি সাবধানতার সঙ্গে মূল্যায়ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে যে ভারত থেকে কোনও নিম্নমানের ওষুধ রফতানি করা হয়নি এবং বর্তমানে অবৈধ রপ্তানির কোনও প্রমাণ নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ‘ওষুধগুলি তরল সরিপা, যা সাধারণত সাধারণ সর্দি, ফ্লু বা কাশির জন্য ব্যবহৃত হয়।’ মধ্যপ্রদেশে শিশু মৃত্যুর ঘটনার পর রাজস্থান, মধ্যপ্রদেশ, মণিপুর, ঝাড়খণ্ড, বাংলাসহ বিভিন্ন রাজ্যে কোল্ডরিফ কাশির সিরাপ নিষিদ্ধ করা হয়েছে।
সিরাপ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যে সিরাপগুলির ওপর সতর্কতা জারি করা হয়েছে, সেগুলি নিম্নমানের বলে মনে করা হচ্ছে। কারণ ওষুধগুলি নির্দিষ্ট মান পূরণ করতে ব্যর্থ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার বিবৃতিতে উল্লেখ করেছে যে, ২০২৫ সালের ৮ অক্টোবর তারিখে ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন তিনটি সিরাপে ডাইথিলিন গ্লাইকল উপস্থিতির কথা জানিয়েছে। রাজস্থান ও মধ্যপ্রদেশে শিশু মৃত্যুর ঘটনার পর ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে যে, আক্রান্ত শিশুরা দূষিত সিরাপগুলি সেবন করেছে বলে জানা গেছে।
ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন নিশ্চিত করেছে যে সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষ ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে এবং অনুমোদন স্থগিত করেছে। এছাড়াও, সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষ দূষিত ওষুধ প্রত্যাহার শুরু করেছে। তামিলনাড়ুতে পরীক্ষিত কিছু কাশির সিরাপের নমুনায় বিষাক্ত দ্রব্য পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রক ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি পরিদর্শন শুরু করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করতে, দূষণের উৎস চিহ্নিত করতে এবং সম্ভাব্য ঝুঁকি হ্রাস করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে চলেছে।’
সংস্থাটি আরও বলেছে যে, দূষিত ওষুধ রোগীদের জন্য ঝুঁকি তৈরি করে এবং গুরুতর এবং জীবনহানির কারণ হতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই নিম্নমানের ওষুধগুলি রপ্তানি করা হতে পারে, এমন দেশ এবং অঞ্চলের ওপর আমরা নজরদারি বৃদ্ধির পরামর্শ দিচ্ছি। অনিয়ন্ত্রিত বাজারের ওপর নজরদারি বৃদ্ধিরও পরামর্শ দেওয়া হচ্ছে। সবাইকে অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত সরবরাহকারীদের কাছ থেকে ওষুধ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
❤ Support Us








