- এই মুহূর্তে দে । শ
- মে ৯, ২০২৬
রাজ্যের বিরোধী আসনে তৃণমূল, ‘আপসহীন লড়াই’-এর বার্তা অভিষেকের
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর এ বার বিরোধী আসনে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে দলের ভরাডুবির পর সংগঠনের ভিতরেও আত্মসমালোচনার সুর শোনা যাচ্ছে। যাঁদের হাতে নির্বাচনের দায়িত্ব ছিল, তাঁদের ভূমিকা নিয়ে দলের বিভিন্ন স্তরে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রিসভার শপথের দিনেই দলকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় অভিষেক স্পষ্ট জানান, কেন্দ্র ও রাজ্যে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস “শক্তিশালী, সরব এবং আপসহীন বিরোধী দল” হিসেবে ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়েও একাধিক প্রশ্ন তোলেন।
ফলাফল ঘোষণার দিন থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয় তৃণমূল। অভিষেক দাবি করেন, যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষভাবে কাজ করার কথা, তাদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর বক্তব্য, এর ফলে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
তৃণমূলের দাবি, প্রায় ১০০টি বিধানসভা আসনে দলকে “অনৈতিকভাবে” হারানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ভোট গণনা কেন্দ্রগুলোর সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন অভিষেক। পাশাপাশি VVPAT স্লিপ স্বচ্ছভাবে গণনার দাবিও তোলেন তিনি।
অভিষেক জানান, ভোট গণনা প্রক্রিয়া থেকে শুরু করে EVM রক্ষণাবেক্ষণ ও স্থানান্তর, এমনকি কন্ট্রোল ইউনিটের তথ্যে অসামঞ্জস্য—এমন একাধিক উদ্বেগজনক বিষয় সামনে এসেছে। তাঁর কথায়, “আমি ইতিমধ্যেই ভোট গণনা কেন্দ্রগুলোর CCTV ফুটেজ প্রকাশ এবং VVPAT স্লিপের স্বচ্ছ গণনার দাবি জানিয়েছি।”
নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতেও কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কর্মীদের উপর হামলা, মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষিতে দলের নেতা-কর্মীদের উদ্দেশে অভিষেক বলেন, “মনোবল অটুট রাখুন এবং ঐক্যবদ্ধ থাকুন। কেউ যদি হিংসা, ভয় দেখানো বা হুমকির শিকার হন, তাহলে বিস্তারিত তথ্য আমার সঙ্গে ভাগ করুন বা সরাসরি মেসেজ করুন।”
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৮০টি আসনে জয় পেয়েছে। ফলে বিধানসভায় বিরোধী আসনে বসতে হবে দলকে। তবে এখনও পর্যন্ত বিরোধী দলনেতা হিসেবে কাকে বেছে নেওয়া হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি তৃণমূল নেতৃত্ব।
❤ Support Us







