- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ৩, ২০২৫
হরিদেবপুরে শ্যুটআউট, গ্রেফতার এক অভিযুক্ত
প্রতীকী ছবি ।
ঘড়ির কাঁটা তখন সাড়ে ৬ টা ছুঁইছুঁই। রাস্তায় ভোরের নরম আলো, হরিদেবপুরের কালীপদ মুখার্জী রোডে তখনো খুব বেশি ভিড় জমেনি। ঠিক সে সময়ই আচমকা ছুটে আসে মোটরবাইক। বাইকে দুই যুবক। মুহূর্তের মধ্যে পিছন দিক থেকে এক মহিলার দিকে গুলি ছুড়ে চম্পট দেয় তারা। গুলির শব্দে কেঁপে ওঠে শান্ত সকালের পরিবেশ। রাস্তায় লুটিয়ে পড়েন ৩৮ বছরের মৌসুমি হালদার। স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার করেন তাঁকে। প্রথমে নিয়ে যাওয়া হয় এম.আর. বাঙুর হাসপাতালে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে স্থানান্তরিত করা হয় এস.এস.কেএম-এ। চিকিৎসকরা জানিয়েছেন, মৌসুমির পিঠে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। শুরু হয় তদন্ত। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এ ঘটনায় বাবলু ঘোষ নামে বছর ত্রিশের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৌসুমির সঙ্গে অভিযুক্তের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ৩ বছর আগে থেকে ২ জনের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এমনকি বিয়েও করেন তাঁরা বলে খবর। তবে বিয়ের পর থেকেই সম্পর্কে শুরু হয় অশান্তি। পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েন থেকেই জন্ম নেয় এই রক্তাক্ত পরিণতি। রবিবার রাতে তাঁদের মধ্যে প্রবল ঝগড়া হয়। তার পরদিন সকালে মর্নিং ওয়াকে বেরোতেই মৌসুমিকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। এরপর বাইকে চেপে পালিয়ে যায় সে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, ‘আমরা জোরে আওয়াজ শুনে বাইরে বেরোই। দেখি রাস্তার মাঝে একজন মহিলা পড়ে আছেন, গায়ে রক্ত। কয়েকজন মিলে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’ পুলিশের প্রাথমিক অনুমান, পরকীয়া সন্দেহ থেকেই গুলিবর্ষণ। যদিও তদন্তকারীরা জানিয়েছেন, সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তিগত বিরোধ না কি অন্য কোনও কারণ, সেটাই এখন খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত বাবলু ঘোষকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তাঁর সঙ্গে মৌসুমির সম্পর্ক, বিয়ের কাগজপত্র, এমনকি রবিবার রাতের ফোন রেকর্ড, সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, মৌসুমির পরিবারের সদস্যেরা জানিয়েছেন, ‘মৌসুমি এমন কিছু করেনি যে, ওর প্রাণনাশের চেষ্টা করতে হবে। আমরা চাই দোষীকে কড়া শাস্তি দেওয়া হোক।’
উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই যাদবপুরের বিজয়গড়ে এক তরুণীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল শহরে। অভিযোগ, সেই ঘটনাতেও জড়িত ছিলেন ওই তরুণীর প্রাক্তন ‘প্রেমিক’। এবার হরিদেবপুরে একই কাণ্ড। পরপর এমন দুটি ঘটনায় আতঙ্কিত শহরবাসী।
❤ Support Us






