- বি। দে । শ
- জুলাই ২২, ২০২৬
সোনম ওয়াংচুকের অনশনে সমর্থন, বিশ্বজুড়ে প্রতিবাদ, ভারত সরকারের কাছে জবাবদিহির দাবি
নিট (NEET) কেলেঙ্কারির রেশ এবার দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে বিদেশের দরবারেও। পরীক্ষা পরিচালনায় অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাদের দাবিতে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। পুলিশ জোর করে তাঁকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে এবার বিদেশে বিক্ষোভ। ‘হিন্দুজ ফর হিউম্যান রাইটস’ নামে মানবাধিকার সংস্থার কর্মীরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভের আয়োজন করে। শিক্ষার্থীদের প্রতি সুবিচার ও জবাবদিহিতার দাবিতে সমর্থন বাড়ায় এই বিক্ষোভ নিশ্চিতভাবেই ভারত সরকারের ওপর চাপ আরও বাড়াবে।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিন্দুজ ফর হিউম্যান রাইটস’–এর কর্মীরা কর্মী সোনম ওয়াংচুকের প্রতি সংহতি প্রকাশ করতে নিউইয়র্ক এবং সান হোসেতে বিক্ষোভ প্রদর্শন করে। সোনম নিট পরীক্ষা পরিচালনায় অনিয়মের প্রতিবাদে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছিলেন। তাঁকে পুলিশ জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে অনশন ভাঙানোর চেষ্টা করে। সংস্থাটি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও লন্ডনে ভারতীয় হাইকমিশন এবং ডাবলিনে ভারতীয় দূতাবাসের বাইরেও সংহতি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ওয়াংচুকের অনশন অব্যাহত থাকায় এই প্রতিবাদ শুরু হয়। শনিবার তাঁর স্বাস্থ্যের অবনতি হলে দিল্লি পুলিশ তাঁকে যন্তর মন্তরের প্রতিবাদস্থল থেকে সফদরজং হাসপাতালে নিয়ে যায় এবং পরে দিল্লি হাইকোর্টের নির্দেশে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
‘হিন্দুজ ফর হিউম্যান রাইটস’–এর সদস্যরা সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে এবং স্যান হোসেতে ওয়াংচুকের সমর্থনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। তাঁরা ভারত সরকারের বিরুদ্ধেও স্লোগান দেন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। এক বিবৃতিতে এই মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিউইয়র্ক বা লন্ডন, সান হোসে বা ডাবলিন, যেখানেই হোক না কেন, আমাদের প্রতিবাদ একটা স্পষ্ট বার্তা দিয়েছে, ভারতের শিক্ষার্থীরা ন্যায্য ও মর্যাদাপূর্ণ আচরণ পাওয়ার যোগ্য। ভারতের যুবসমাজ সৎ এবং আস্থাশীল ভবিষ্যৎ পাওয়ার যোগ্য। ভারতীয় নাগরিকরা খোলামেলা আলোচনা ও সংস্কার পাওয়ার যোগ্য। ভারত সরকারের জবাবদিহি করার সময় এসেছে।’
চলতি সপ্তাহের শুরুতে, ‘হিন্দুজ ফর হিউম্যান রাইটস’ ভারত সরকারকে সোনম ওয়াংচুক এবং নিট পরীক্ষার কথিত অনিয়মের প্রতিবাদে অনশনরত অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছিল। বিরোধী দলগুলিও ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থনে এগিয়ে এসেছে এবং দিল্লিতে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। নিট (NEET) পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে ওয়াংচুকের অনশনের প্রতি সমর্থন বাড়ার সময়েই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিক্ষোভ, ভারত সরকারের কাছে দলটির আবেদন এবং প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হল।
❤ Support Us








