Advertisement
  • দে । শ
  • মার্চ ৫, ২০২৬

কবিতার কওসর জামালকে আন্তর্জাতিক শান্তি পুরস্কার, সম্মান ইরাকি কবি মুনিয়ামকেও

আরম্ভ ওয়েব ডেস্ক
কবিতার কওসর জামালকে আন্তর্জাতিক শান্তি পুরস্কার, সম্মান ইরাকি কবি মুনিয়ামকেও

সুপরিচিত কবি প্রাবন্ধিক সৈয়দ কওসর জামাল আর ইরাকের কাব্য শিল্পী মুনিয়াম আল ফাকেরকে আন্তর্জাতিক শান্তি পুরষ্কার দিয়ে সম্মানিত করল আই.এস.আই. এস. এ. আর । সম্প্রতি কলকাতার রোটারি সদনে অনুষ্ঠিত বিশ্বের নানা প্রান্তের কবি লেখক, অনুবাদক ও শিল্পীদের উপস্থিতিতে। কওসর জামালের কবিতা যাপন শুরু হয়েছিল গত শতাব্দীর সত্তরের দশকে । ইরাকের বিশিষ্টমুখ আর তুখোড় বুদ্ধিজীবী মুনিয়ামও একই সময়ের কবি, লিখেছেন প্রধানত আরবি ভাষায় । প্রতিবাদী কন্ঠ হিসেবে স্বনাম-ধন্য ।  নিজের কবিতা অনুবাদ করেছেন তিনি, সমসাময়িক ইউরোপীয় কবিরাও মুনিয়ামের চিন্তা বিচিন্তা শুনিয়েছেন বিশ্বের ওয়াকেবহাল মহলকে।  স্বৈরাচার আর রাষ্ট্রের হুমকিকে কখনও বরদাস্ত করেননি তিনি।  প্রতিবাদকে আর শানিত করতে স্বেচ্ছায় নির্বাসন নিয়েছেন ডেনমার্কে। ওখানেও বিরামহীন তাঁর কবিতা, তাঁর শিল্প ও সমাজ ভাবনা।

সৈয়দ কওসর জামাল থেমে থাকেননি কেবল বিশুদ্ধ কবিতায়। প্রবন্ধকে ঘিরে, গত কয়েক দশক জুড়ে ডালপালা ছড়িয়েছেন সত্তর উর্ধ্বের কবি। সংযত প্রতিবাদ তাঁর আরেক মাধ্যম। ফরাসি কবিতার একচ্ছত্র অনুবাদক ও বিশ্লেষক হিসেবে খ্যাতি তাঁর ভারত জুড়ে। বাংলা ও ইংরেজিতে সমান দক্ষ। গবেষণার বিষয়-আশয় তাঁর বহুমাত্রিক। চিত্রকর দালির দিনপঞ্জী থেকে রবীন্দ্রনাথের ফরাসি ভাবনা, গান্ধীজি থেকে রাঁবো বুদলেয়ার পর্যন্ত বিস্তৃত। কবিতায় তাঁর উচ্চারণ সংযত, গুরুগম্ভীর। ছন্দ প্রয়োগেও তাঁর গাম্ভীর্য ভাবিয়ে তোলে বহুজাত পাঠকদের। সব দিক থেকেই সমসাময়িক বাংলা কবিতায় তাঁর কন্ঠস্বর যেমন হ্রদ্ধ তেমনি একধরনের প্রতিবাদে শিল্পিত, বিশেষভাবে চিহ্নিত। ইরাকি কবিতার দৃপ্ত নারী মুনিয়াম আর বাংলা কবিতার অবিকল্প কাওসর জামালকে শান্তি পুরষ্কারে সম্মান জানিয়ে প্রকারান্তরে শুদ্ধ চিহ্নের অঙ্গীকার ঘোষণা করল ইন্টারন্যাশনাল সোশাইটি ফর ইন্টারকালচারাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ। বহু বছর ধরে এক ভাষার কবিতা অন্য ভাষায় অনুবাদ করে এবং সমান্তরাল ভাবনাকে ভুবনমোহনের দরবারে দাঁড় করিয়ে যে দৃষ্টান্ত তাঁরা স্থাপন করছেন, দেশে-বিদেশে, তা এক বিস্ময়কর সত্য। এরকম সংগঠনকে জাগিয়ে রাখা দুঃসাধ্য হলেও কবি-চিকিৎসক সুদীপ্ত চট্টোপাধ্যায় তাঁর নিষ্ঠা দিয়ে, পরিশ্রম দিয়ে, মননের অনুশীলন দিয়ে জানিয়ে দিচ্ছেন তিনি অক্লান্ত এবং দেশি-বিদেশি বহু সহগামী নিয়ে নির্মোহ তাঁর পরিক্রমা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!