Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৩, ২০২৫

চিনে ভারতের প্রতিনিধিত্বে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন ২০২৫’-এ অংশ নিতে প্রস্তুত শিক্ষার্থীরা

আরম্ভ ওয়েব ডেস্ক
চিনে ভারতের প্রতিনিধিত্বে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন ২০২৫’-এ অংশ নিতে প্রস্তুত শিক্ষার্থীরা

আন্তর্জাতিক অঙ্গনে ফের ভারতের মুখ উজ্জ্বল করতে চলেছে বাংলার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। গত বছরের সাফল্যের ধারা বজায় রেখে এ বারও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নির্বাচিত হয়েছেন সম্মানজনক ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন ২০২৫’-এ ভারতের প্রতিনিধিত্ব করার জন্য। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে চিনে।

‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’ হলো এমন এক আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেখানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকার তরুণ উদ্ভাবকরা একত্রিত হয়ে নিজেদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং সৃজনশীলতার প্রদর্শন করেন। তথ্য বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, ম্যানুফ্যাকচারিং এবং ডিজাইনসহ একাধিক উদীয়মান ক্ষেত্রে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। মূল উদ্দেশ্য, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং শিক্ষাক্ষেত্র ও শিল্পক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা।

২০২৪ সালের ব্রিকস স্কিলস কম্পিটিশনে এসএনইউ-এর শিক্ষার্থীরা দেশকে গর্বিত করেছিলেন তাঁদের অসামান্য সাফল্যের মাধ্যমে। অফলাইন বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন সৌমেধিক ভারতী, তৃতীয় হন জিশ্নু বরুয়া। অনলাইন বিভাগে দ্বিতীয় স্থান দখল করেন ঐশিতা কুণ্ডু।
তাঁদের প্রশিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইন্দ্রনীল সরকার পান ‘এক্সেলেন্ট গাইডেন্স এক্সপার্ট’ সম্মান। সে সাফল্যের উত্তরাধিকার বহন করেই এ বার আবারও ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এসএনইউ-এর ৫ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, ‘ডেটা অ্যানালিসিস অ্যান্ড ভিজুয়ালাইজেশন’-এর অফলাইন বিভাগে অংশ নেবেন স্নেহা কুণ্ডু ও শিবম মণ্ডল। অনলাইন বিভাগে দেশের প্রতিনিধিত্ব করবেন তুনীর অধিকারী, অহনা দাসগুপ্ত এবং সায়ক প্রধান। এবছর, শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও প্রস্তুতির দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সায়নী মণ্ডল।

প্রসঙ্গত, চিনে আয়োজিত বিশ্বমানের প্রতিযোগিতা শুধুমাত্র দক্ষতা প্রদর্শনের মঞ্চ নয়, বরং এটি আন্তর্জাতিক সহযোগিতা ও জ্ঞান-বিনিময়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এ অংশগ্রহণই প্রমাণ করে যে, এসএনইউ ক্রমশ আন্তর্জাতিক মানের প্রযুক্তিশিক্ষা ও উদ্ভাবনমুখী প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে। বিশ্ববিদ্যালয় বলছে, ‘আমাদের লক্ষ্য শুধু প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, বরং ভারতের প্রযুক্তি ও উদ্ভাবনের সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরা। আমাদের ছাত্রছাত্রীরা সে দায়িত্ব সফলভাবেই পালন করছে।’ ক্রমবর্ধমান বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনন্য এ যাত্রা নিঃসন্দেহে দেশের গর্ব। চিনের মাটিতে তাঁদের প্রতিভা ও পরিশ্রমের সাক্ষী থাকতে এখন অপেক্ষায় গোটা বিশ্ব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!