Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৩, ২০২৫

পুরসভার নাম ভাঙিয়ে জাল শংসাপত্র ! পুলিশের জালে কালনার যুবক

আরম্ভ ওয়েব ডেস্ক
পুরসভার নাম ভাঙিয়ে জাল শংসাপত্র ! পুলিশের জালে কালনার যুবক

জাল শংসাপত্র দাখিল করে পাসপোর্ট করাতে গিয়ে ফের পুলিশের জালে যুবক। জন্মের শংসাপত্রটিতে কালনা পুরসভার সিলমোহর রয়েছে। সেই শংসাপত্র দাখিল করেই নাদনঘাট পুলিশের হাতে গ্রেফতার বিষ্ণু বসাক নামে পূর্বস্থলী ১নং ব্লকের নসরতপুর পঞ্চায়েতের হাটসিমলার ওই যুবক। ধৃতকে কালনা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, দিন দশেক আগে কালনার কৃষ্ণদেবপুর রায়পাড়ার বাসিন্দা পরিচয়ে জাল জন্মশংসাপত্র পেশ করে পাসপোর্ট করাতে গিয়ে কালনা পুলিশের জালে ধরা পড়ে পবিত্র মণ্ডল নামে বাংলাদেশের বাসিন্দা। টাকার বিনিময়ে জাল শংসাপত্র তৈরির অভিযোগে স্থানীয় সাইবার কাফের মালিক আজারুল ইসলামকেও গ্রেপ্তার করে পুলিশ। তাদের আদালতে তুলে পুলিশ নিজেদের হেপাজতে নেয়। কালনা পুরসভার নামে তৈরি জাল জন্মশংসাপত্র দিয়ে কালনা ডিআইবিতে পাসপোর্ট তৈরির আবেদন জানিয়েছিল পবিত্র মণ্ডল।

নাদনঘাট ডিআইবিতেও একই ঘটনার পুনরাবৃত্তি হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাদনঘাটের হাটসিমলার বাসিন্দা বিষ্ণু বসাক কালনা পুরসভার নামে তৈরি নিজের জাল জন্মশংসাপত্র দিয়ে নাদনঘাট ডিআইবিতে পাসপোর্ট তৈরির আবেদন জানায়। এরপরেই সেই শংসাপত্রটি খতিয়ে দেখতে পাঠানো হয় কালনা পুরসভায়। পুরসভা থেকে জানিয়ে দেওয়া হয়, ওই শংসাপত্রটি কালনা পুরসভার নয়। সেটি জাল। এরপরেই ডিআইবি নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনার তদন্তে নেমে বিষ্ণু বসাককে গ্রেপ্তার করে। পরপর এমন ঘটনায় দুশ্চিন্তায় কালনা পুরসভা। পুরসভার নামে তৈরি জাল শংসাপত্রের চক্রকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলছেন পুরপ্রধান আনন্দ দত্ত, উপপুরপ্রধান তপন পোড়েলরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!