Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ১৭, ২০২৫

‌পাকিস্তানের সঙ্গে তথ্য ভাগের অভিযোগ, গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্রা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌পাকিস্তানের সঙ্গে তথ্য ভাগের অভিযোগ, গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্রা

দিনের বেলায় ছিলেন একজন ইউটিউবার, পাশাপাশি গুপ্তচরও। পাকিস্তানের সঙ্গে সামরিক তথ্য ভাগ করে নেওয়ার জন্য জ্যোতি মালহোত্রা নামে নামে এক ইউটিউবারকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ।

ইউটিউবে ‘‌ট্র্যাভেল উইথ জো’‌ নামে একটা ভ্রমণ অ্যাকাউন্ট চালাতেন জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানী। ইউটিউব চ্যানেল চালানোর নামে পাকিস্তানের সাথে ভারতের সামরিক তথ্য ভাগ করে নেওয়ার জন্য হরিয়ানার হিসার থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযোগে পাঞ্জাব ও হরিয়ানার ২৫ বছর বয়সী এক ছাত্রী এবং ২৪ বছর বয়সী নিরাপত্তারক্ষীসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

৩৩ বছর বয়সী জ্যোতি মালহোত্রা তাঁর ইউটিউবে নিজেকে ‘‌যাযাবর সিংহ মেয়ে ভ্রমণকারী’‌, ‘‌হরিয়ানভি+পাঞ্জাবী’‌ এবং ‘‌পুরানে খেয়ালো কি আধুনিক লেড়কি’‌ হিসেবে বর্ণনা করেন। দু–দুবার তিনি পাকিস্তান ভ্রমণ করেন। এবং পাকিস্তান ভ্রমণকালে তিনি পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসান–উর–রহিম ওরফে দানিশের সংস্পর্শে আসেন। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারতের ‘‌অপারেশন সিঁদুর’‌ অভিযানের পর গুপ্তচরবৃত্তি এবং ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কে সংবেদনশীল তথ্য ফাঁস করার জন্য রহিমকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়। ২৪ ঘন্টার মধ্যে তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদের সময় জ্যোতি মালহোত্রা পুলিশকে জানান, ২০২৩ সালে তিনি দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে গিয়েছিলেন ওই দেশে যাওয়ার জন্য ভিসা পেতে। তখন তিনি রহিমের সাথে দেখা করেন এবং তাঁর সাথে কথা বলেন। এরপর তিনি দুবার পাকিস্তান ভ্রমণ করেন এবং রহিমের পরিচিত আলি আহওয়ানের সঙ্গে দেখা করেন, যিনি পাকিস্তানে জ্যোতির থাকার এবং ভ্রমণের ব্যবস্থা করেছিলেন।

জ্যোতি মালহোত্রা পুলিশকে দেওয়া স্বীকারোক্তিতে বলেন, ‘‌আলি আহওয়ান, পাকিস্তানে ও দেশের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের সাথে একটা বৈঠকের ব্যবস্থা করেন। আমি শাকির এবং রানা শাহবাজের সাথে দেখা করি। সন্দেহ এড়াতে আমি শাকিরের মোবাইল নম্বর নিয়ে ‘‌জাট রানধাওয়া’‌ নামে আমার ফোনে সেভ করি। তারপর আমি ভারতে ফিরে আসি এবং হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট এবং টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে উপরোক্ত সকলের সাথে নিয়মিত যোগাযোগ রাখি এবং দেশবিরোধী তথ্য ভাগাভাগি করতে শুরু করি। আমি রহিমের সাথেও বেশ কয়েকবার দেখা করেছি।’‌
হিসারের বাসিন্দা জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে সন্দেহজনক কার্যকলাপ পরিচালনা,গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়এ আসা হয়েছে। পাশাপাশি, ভারত সরকার কর্তৃক অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষিত পাকিস্তানের একজন নাগরিকের সাথে ভারতীয় গোয়েন্দা তথ্য ভাগ করে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে বিপন্ন করার অভিযোগও নিয়ে আসা হয়েছে। জ্যোতি মালহোত্রাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

বুধবার হরিয়ানার পানিপথে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নওমান ইলাহি নামে এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে। ২৪ বছর বয়সী এই ব্যক্তি তথ্যের বিনিময়ে তার শ্যালকের অ্যাকাউন্টে টাকা জমা করতেন। সোশ্যাল মিডিয়ায় বন্দুকের ছবি আপলোড করার অভিযোগে ১২ মে কৈথাল থেকে ২৫ বছর বয়সী দেবেন্দ্র সিং ধিলনকে গ্রেফতার করা হয়েছিল। শনিবার, হরিয়ানা পুলিশ জানিয়েছে যে জিজ্ঞাসাবাদের সময় সে স্বীকার করেছে যে সে গত বছরের নভেম্বরে কর্তারপুর করিডোর দিয়ে পাকিস্তানে গিয়েছিল এবং আইএসআই কর্তাদের সঙ্গে সংবেদনশীল তথ্য ভাগ করে নিচ্ছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!