- দে । শ প্রচ্ছদ রচনা
- ডিসেম্বর ২৫, ২০২৫
কর্ণাটকের চিত্রদুর্গে ভয়াবহ দুর্ঘটনা, জীবন্ত দগ্ধ ১০ বাসযাত্রী
কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন ১০ জন। লরির সঙ্গে একটা বেসরকারি স্লিপার বাসের ধাক্কায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন লেগে যায়। যার ফলে যাত্রীরা জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর ২.৩০ মিনিট নাগাদ ৪৮ নম্বর জাতীয় সড়কে হিরিয়ুর তালুকের গোরলাথ ক্রসের কাছে।
সিবার্ড কোচের এই বাসটিতে ২৯ জন যাত্রী ছিলেন। এরমধ্যে ১৫ জন মহিলা ও ১৪ জন পুরুষ। অধিকাংশ যাত্রীই গোকর্ণের বাসিন্দা। বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগা যাচ্ছিল। ৪৮ নম্বর জাতীয় সড়কে উল্টোদিক থেকে আসা একটা লরি ডিভাইডার পেরিয়ে বাসটিকে সরাসরি ধাক্কা মারে। ধাক্কা মারার পরপরই বাসটিতে আগুন লেগে যায়। সেই সময় বাসের যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। তাঁরা কিছু বোঝার আগেই বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে। কিছু বাসযাত্রী কোনও রকমে বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পুলিশের অনুমান, লরিটি সরাসরি এসে বাসের জ্বালামি ট্যাঙ্কে আঘাত করার কারণেই বাসটিতে আগুন লেগে যায়।
কর্ণাটক পুলিশের শীর্ষকর্তা রবিকান্ত গৌড়া দুর্ঘটনার ঘটনা নিয়ে বলেছেন, ‘বৃহস্পতিবার ভোরে একটা লরি ডিভাইডার টপকে এসে উল্টোদিকে বাসটিকে ধাক্কা দেয়। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে লরিটি বাসের জ্বালানি ট্যাঙ্কে ধাক্কা দিয়ে থাকতে পারে। যার ফলে জ্বালানি ট্যাঙ্ক থেকে তেল বেরিয়ে আসে। কয়েকজন যাত্রী আগুন থেকে বেঁচে যেতে সক্ষম হয়েছেন। এখনও পর্যন্ত ৯ জন যাত্রী এবং লরি চালকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।’
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শচীন নামে এক ব্যক্তি বলেন, ‘সিবার্ড বাসটি আমাদের ওভারটেক করে। তারপরে উল্টোদিক দিক থেকে আসা একটা কন্টেইনার ট্রাক ডিভাইডার পেরিয়ে স্লিপার বাসটিকে ধাক্কা দেয়। বাসের ডিজেল ট্যাঙ্ক যেখানে ছিল তার কাছেই সংঘর্ষ হয়।’ জলন্ত বাস থেকে কোনও রকমে বেরিয়ে আসতে পেরেছিলেন আদিত্য নামে এক যাত্রী। তিনি বলেন, ‘আমি ওপরের বার্থে শুয়ে ছিলাম। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ওপর থেকে পড়ে গিয়েছিলাম। এরপর দেখি বাসটি জ্বলতে শুরু করেছে। দরজা খোলা যাচ্ছিল না। আমরা কাচ ভেঙে পালানোর চেষ্টা করি। অনেকেই ছুটে এসে অন্যদের বাঁচানোর চেষ্টা করছিল। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। তাই কাজটা কঠিন হয়ে পড়েছিল।’
চিত্রদুর্গার বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অগ্নিকাণ্ডে নিহত যাত্রীদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০০০০ টাকা আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে। দুর্ঘটনায় মর্মাহত কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারও। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শিবকুমার বলেন, ‘নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ধরনের মর্মান্তিক ঘটনা যেন আর কখনও না ঘটে।’ কর্ণাটক বিজেপি সভাপতি বিজয়েন্দ্র ইয়েদুরপ্পাও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
❤ Support Us





