Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ২৭, ২০২৫

২০২৫ এর পদ্ম সম্মান পাচ্ছেন দেশের ১৩৯ কৃতী । পদ্মশ্রী পাচ্ছেন বাংলার নয় গুণী

আরম্ভ ওয়েব ডেস্ক
২০২৫ এর পদ্ম সম্মান পাচ্ছেন দেশের  ১৩৯ কৃতী । পদ্মশ্রী পাচ্ছেন বাংলার নয় গুণী

ভারতের প্রজাতন্ত্রে বেসমরিক পুরস্কারের ক্ষেত্রে ভারতরত্নের পরে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সর্বোচ্চ সম্মান। ১৯৫৪ সালে রাষ্ট্রীয় সম্মানের বিশেষ প্রথা শুরু হয়। সে বছর ২৩ জন প্রাপকদের পদ্মভূষণে সম্মানিত করা হয়েছিল। প্রতিবছর সাধারণতন্ত্রের দিনে অর্থাৎ ২৬ জানুয়ারি সম্মানের তালিকা প্রকাশ করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। ২০২৫ সালের পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ প্রাপকের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র সরকার। এবার মোট ১১৩ জন পদ্মশ্রী, ৭ জন পদ্মবিভূষণ, ১৯ জন পদ্মভূষণ সম্মানে সম্মানিত হতে চলেছেন। বাংলায় চলতি বছরে পদ্মবিভূষণ ও পদ্মভূষণ সম্মান প্রাপক না থাকলেও একাধিক ব্যক্তি পদ্মশ্রী খেতাব পেতে চলেছেন। এবারে বাংলা থেকে ৯ জন পদ্মশ্রী পাচ্ছেন। তার মধ্যে যেমন রয়েছে শিল্পকলা জগতের বড়ো কিছুজনের নাম, তেমন রয়েছে দীর্ঘদিনের সাধক, শিল্পপতি, ব্যবসায়ীর নামও। বাংলা থেকে সবথেকে বড়ো নাম রয়েছে এই মুহূর্তে জনপ্রিয়তার নিরিখে দেশের শীর্ষে থাকা গায়ক অরিজিৎ সিং। এছাড়াও রয়েছে অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্করের নাম। সাম্প্রতিককালে বিতর্কে জড়িয়ে পড়া সন্ন্যাসী কার্তিক মহারাজ, সঙ্গীত জগতের সঙ্গে জড়িত সরোদ বাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ঢাক বাদক গোকুল চন্দ্র দাসের মতো ব্যক্তিত্বরা রয়েছেন তালিকায়। সমাজকল্যাণমূলক কাজের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বিনায়ক লোহানি। সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন নগেন্দ্রনাথ রায়। এছাড়াও শিল্পপতি পবন গোয়েঙ্কা ও সজ্জন ভজঙ্ক রাষ্ট্রীয় সম্মান পাচ্ছেন।

সাহিত্য, শিল্প, খেলা, চিকিৎসা, কৃষিকাজ – নানা পেশার মানুষকেই সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মসম্মান দেওয়া হচ্ছে এ বছর। সেই সম্মানের তালিকায় রয়েছেন এই মুহুর্তে ভারতীয় সঙ্গীত জগতে খ্যাতির শীর্ষে থাকা অরিজিৎ সিং। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ । মুম্বাই তাঁর কর্মক্ষেত্র হলেও শিকড়কে ভুলে যাননি তিনি, সঙ্গীতে অবদানের পাশাপাশি জিয়াজঞ্জে নানান সমাজকল্যাণমূলক কাজ করে চলেছেন সবার অগোচরে। বিশিষ্ট নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর পেয়েছেন পদ্ম সম্মান। পদ্মশ্রী তালিকায় রয়েছেন, এই খবর পেয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,’ আমি যেন এখনও বিশ্বাস করতে পারছি না ব্যাপারটা। কারণ কখনো ভাবিনি এরকম অ্যাওয়ার্ড পাব। মনে হচ্ছে আমি আদৌ যোগ্য তো এই সম্মানটা পাওয়ার! আজ যারা আমার পাশে নেই, আমার বাবা মা, মানিক কাকা (সত্যজিৎ রায়), মৃণালদা, ঋতুপর্ণ, রাজা মিত্র, এঁদের সবার সবার কথা মনে পড়ছে।’

এ বারের পদ্মপ্রাপক সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার। দাদু বিভূতিরঞ্জন মজুমদারের হাত ধরে বাড়িতেই সরোদে হাতেখড়ি। সান্নিধ্য পেয়েছেন উস্তাদ বাহাদুর খান, আলি আকবর খাঁ – এর মতো প্রবাদপ্রতিম শিল্পীদের। উত্তর ২৪ পরগনার ঢাকি গোকুলচন্দ্র দাস, যিনি প্রথা ভেঙে মহিলাদের ঢাক বাজানোর প্রশিক্ষণ ও দল তৈরি করবার নিরন্তর কাজে নিবিষ্ট রয়েছেন তাঁর প্রতিও সম্মান প্রদর্শন করেছে কেন্দ্র। শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব ও স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত সমাজকর্মী বিনায়ক লোহানি, রাজবংশী ভাষায় রামায়ণ, মহাভারত, ভাগবদ্গীতার অনুবাদক এবং সাহিত্যিক নগেন্দ্রনাথ রায় পদ্মসম্মান পাচ্ছেন। মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রার প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর শিল্পপতি পবন গোয়েন্‌কা, সেঞ্চুরি প্লাইবোর্ডসের চেয়ারম্যান শিল্পপতি সজ্জন ভজনকা, স্টেট ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য পদ্মশ্রী পাচ্ছেন। সাহিত্যিক নগেন্দ্রনাথ রায় এই খবরে উচ্ছসিত , তিনি বলেছেন, ‘এটা উত্তরবঙ্গের মানুষের সম্মান। রাজবংশী, কামতাপুরি ভাষা সংস্কৃতিকে যে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা তারই একটা দিক।’’ অর্থনীতির ছাত্র হয়েও সাহিত্যে অবদান, পদ্মশ্রী পাচ্ছেন ত্রিপুরার লেখক অরুণোদয় সাহা। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন তিনি।

তবে কার্তিক মহারাজকে পদ্মশ্রীর তালিকায় দেখে বির্তক ছড়িয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তাঁর আগে মহারাজের এই সম্মানপ্রাপ্তিতে তৃণমূল শিবির বিজেপির রাজনৈতিক কৌশলের গন্ধ পাচ্ছে। লোকসভা নির্বাচন চলাকালীন বিতর্কে জড়িয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। রাজ্য সরকারের সমালোচনার জন্যই তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেছেন। পুরস্কারপ্রাপ্তির পরে তিনি ব্যঙ্গছলে বলেছেন, আমি বাংলার সরকার এবং রাজ্যের শাসক দলকে ধন্যবাদ জানাই। আমার এবং আমার কাজের বিষয়ে তাদের সমালোচনা আমার প্রচেষ্টাকে দেশব্যাপী পরিচিতি পেতে সাহায্য করেছে। তাদের সমালোচনা আমাকে বিখ্যাত করেছে। আগে, আমি কেবল মুর্শিদাবাদে পরিচিত ছিলাম। কিন্তু এখন আমি দেশব্যাপী পরিচিত।’ মহারাজ আরও বলেছেন, ” আমি সন্নাসী মানুষ। মানুষের সেবাই আমার বড় পুরস্কার। এই স্বীকৃতি দায়িত্ব আরও বাড়িয়ে দিল।” মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হচ্ছে অর্থনীতিবিদ বিবেক দেবরায়কে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান ছিলেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, প্রেসিডেন্সি কলেজ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বিবেক অর্থনীতি থেকে ইতিহাস, রাজনীতি থেকে সংস্কৃতি— সব বিষয়েই সুপণ্ডিত ছিলেন। গত নম্ভেম্বরে তিনি প্রয়াত হয়েছেন।

পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন, সম্মান দেওয়া হবে স্বাধীনতা সংগ্রামী লিবিয়া লোবো সরদেশাইকে। গোয়ায় পর্তুগিজ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। হরিয়ানার তিরন্দাজ হরবিন্দর সিংহ যিনি প্যারিসে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন, তাঁকে এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে। পদ্মসম্মানের তালিকায় নাগাল্যাণ্ডের কৃষক হ্যাংকিং, যিনি আধুনিক প্রযুক্তিতে ফল চাষ করে নজর কেড়েছিলেন্ম। পুদুচেরির যন্ত্রশিল্পী পি দাচানামূর্তি, মরাঠি লেখক মারুতি ভুজাংরাও চিতামপল্লী, মধ্যপ্রদেশের সমাজসেবক স্যালি হোলকার-সহ আরও অনেককে পদ্মসম্মানে ভূষিত করা হচ্ছে।

ভারতের বেসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ পেতে চলেছেন, এ সূর্য প্রকাশ (সাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতা) অনন্ত নাগ ( আর্ট) বিবেক দেব রায় ( মরণোত্তর) সাহিত্য এবং শিক্ষা যতীন গোস্বামী (আর্ট) -জোস চাকো পেরিয়াপুরম (চিকিৎসা) কৈলাশ নাথ দীক্ষিত (অন্যান্য-প্রত্নতত্ত্ব) মনোহর যোশী (মরণোত্তর) পাবলিক অ্যাফেয়ার্স নল্লি কুপ্পুস্বামী চেট্টি (বাণিজ্য ও আর্ট) নন্দমুরি বালকৃষ্ণ (আর্ট) পিআর শ্রীজশ (খেলা) পঙ্কজ প্যাটেল (ব্যাবসা এবং শিল্প) পঙ্কজ উদাস (মরন্নতর) (আর্ট) রামবাহাদুর রায় (সাহিত্য ও শিক্ষা সাংবাদিকতা) সাধ্বী ঋতম্ভরা (সামাজিক কাজ) এস অজিত কুমার (আর্ট) শেখর কাপুর (আর্ট) -সুশীল কুমার মোদী (মরণোত্তর) পাবলিক অ্যাফেয়ার্স -বিনোদ ধাম (বিজ্ঞান ও ইঞ্জিয়ার) পদ্মবিভূষণ পেতে চলেছেন, দুভুর নাগেশ্বর রেড্ডি (মেডিসিন) বিচারপতি জগদীশ সিং খেহার (পাবলিক অ্যাফেয়ার্স) -কুমুদিনী রজনীকান্ত লখিয়া (আর্ট) -লক্ষ্মীনারায়ণ সুব্রামানিয়াম (আর্ট) -এম. টি. বাসুদেবন নায়ার (সাহিত্য ও শিক্ষা) (মরণোত্তর) -ওসামু সুজুকি (ব্যবসা ও শিল্প) মরণোত্তর (জাপান) -শারদা সিনহা (আর্ট) মরণোত্তর।

মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন সঙ্গীতশিল্পী সারদা সিন‌্‌হা, লেখক এমটি বাসুদেবন নায়ের , গাড়ি প্রস্তুতকারক কোম্পানি সুজ়ুকির প্রাক্তন কর্তা ওসামু সুজ়ুকি, পঙ্কজ উদাস, সুশীল মোদীর মতো ব্যক্তিরা। এ ছাড়াও মরণোত্তর পদ্মসম্মান পাচ্ছেন কলিন গানৎজ়ার। পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি এবং তাঁর স্বামী হিউ গানৎজ়ার, ভারতের বিভিন্ন পর্যটন সম্পর্কে তথ্য তুলে ধরেছেন, যৌথভাবে লিখেছেন ৩০টির বেশি বই। ২০২৪ সালে কলিনের মৃত্যু হয়।

উল্লেখ্য, ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দৌপ্রদী মূর্মূ আগামী মার্চ-এপ্রিল মাসে প্রাপকদের ও মরণোত্তরের ক্ষেত্রে তাঁদের পরিবারকে রাষ্ট্রীয় সম্মানগুলিতে ভূষিত করবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!