- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৯, ২০২৬
গভীর সমুদ্রে নিখোঁজ ট্রলার, ১৫ মৎস্যজীবীকে খুঁজছে কোস্ট গার্ড; উৎকণ্ঠায় পরিবার, আশ্বাস প্রশাসনের
শংকরপুর মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ‘মা কালী’ নামে একটি ট্রলার ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে নিখোঁজ হয়ে গেছে। নির্ধারিত সময়ে ট্রলারটির বন্দরে ফেরার কথা থাকলেও তা এখনও ফিরে আসেনি। বুধবার গভীর রাত পর্যন্ত ট্রলারের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি। এরপরই বিষয়টি ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (কোস্ট গার্ড), উপকূল থানার পুলিশ এবং প্রশাসনের নজরে আনা হয়। ইতিমধ্যেই নিখোঁজ ট্রলারটির সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ট্রলারটির নাম ‘মা কালী’। ট্রলারটির মালিক রামনগর থানার দেউলিবাংলা এলাকার বাসিন্দা অভিজিৎ বেরা। স্থানীয় সূত্রের খবর, চলতি মাসের শুরুতে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ট্রলারটি। নির্দিষ্ট সময়ে ফিরে না আসায় উদ্বেগ বাড়তে থাকে। ট্রলারে থাকা ১৫ জন মৎস্যজীবীর কারও সঙ্গেই এখনও পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার খবর পাওয়ার পর বিষয়টি শংকরপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনকে জানানো হয়। পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদেরও অবহিত করা হয়েছে। অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশরঞ্জন নায়ক জানান, পুরো বিষয়টি প্রশাসন, স্থানীয় বিধায়ক এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বিষয়টিতে হস্তক্ষেপ করেন, সেই আবেদনও জানিয়েছে সংগঠন।
এদিকে বুধবার রাতেই শংকরপুর মৎস্যবন্দরে পৌঁছান রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাতো এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা। তাঁরা নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন।
জেলা মৎস্য অধিকর্তা সুমন সাহা জানান, ট্রলার নিখোঁজের খবর পাওয়ার পরই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং উপকূল থানার পুলিশকে জানানো হয়েছে। সমুদ্রের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি গভীর সমুদ্রে থাকা অন্যান্য ট্রলারগুলিকেও সতর্ক করা হয়েছে, যাতে তারা নিখোঁজ ট্রলারটির খোঁজে নজর রাখে।
সময় যত এগোচ্ছে, ততই উৎকণ্ঠা বাড়ছে ট্রলারের মালিক এবং নিখোঁজ ১৫ মৎস্যজীবীর পরিবারের সদস্যদের মধ্যে। প্রশাসনের আশা, দ্রুত তল্লাশি অভিযানের মাধ্যমে ট্রলারটির সন্ধান মিলবে এবং মৎস্যজীবীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হবে।
❤ Support Us








