- দে । শ
- জানুয়ারি ৮, ২০২৬
মহিলা পাচারের অভিযোগে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার ২
হাজার টাকার বিনিময়ে এক বাংলাদেশি মহিলাকে বৈধ নথি ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার অভিযোগে মঙ্গলবার হাওড়া স্টেশনের বাইরে থেকে দুইজনকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতরা হলেন বনগাঁর বাসিন্দা চিন্ময় দাস (৫৬) এবং ফতেমা নামে এক মহিলা। ধৃত ফতেমা বাংলাদেশি নাগরিক, তাঁর বয়স ২৩ বছর বলে জানা গেছে।
মঙ্গলবার ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সিআইডি সূত্রে জানা গেছে, চিন্ময়ের সঙ্গে মানব পাচার চক্রের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীদের কাছে গোপন সূত্রে খবর আসে যে, মঙ্গলবার চিন্ময় দাস এক বাংলাদেশি মহিলাকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করছিলেন। সেই খবরের ভিত্তিতেই সিআইডি নজরদারি শুরু করে। মঙ্গলবার হাওড়া স্টেশনের বাইরে বাস থেকে নামার সময় ফতেমা ও চিন্ময়কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
চিন্ময় দাস পেশায় পোশাক ব্যবসায়ী হলেও সম্প্রতি বাড়িতে বসেই সেলাইয়ের কাজ করছিলেন। তদন্তে জানা গেছে, কিছুদিন আগে বনগাঁর টালিখোলার বাসিন্দা আফজলের সঙ্গে তাঁর পরিচয় হয়। আফজলের বিরুদ্ধে অভিযোগ, তিনি বনগাঁ সীমান্ত দিয়ে বেআইনিভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের ভারতে নিয়ে এসে চিন্ময়ের হাতে তুলে দিতেন। এরপর চিন্ময় এক হাজার টাকার বিনিময়ে তাঁদের বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন বলে অভিযোগ।
মঙ্গলবার আফজল চিন্ময়কে একটি চিরকুটে লেখা মোবাইল নম্বর দিয়ে হাওড়ায় যেতে বলেন। হাওড়া স্টেশনের বাইরে পৌঁছে সেই নম্বরে ফোন করতেই আগে থেকে ওঁত পেতে থাকা সিআইডি আধিকারিকরা তাঁকে গ্রেপ্তার করেন।
উদ্ধার হওয়া বাংলাদেশি মহিলা বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। তদন্তকারীদের সন্দেহ, চিন্ময় দাস একটি সক্রিয় মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত। আফজলের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং গোটা চক্রের শিকড় পর্যন্ত পৌঁছনোর চেষ্টা করছেন তদন্তকারীরা।
❤ Support Us






