- দে । শ
- জানুয়ারি ২, ২০২৬
পানিহাটি উৎসবে হাতাহাতি, মৃত্যু যুবকের । গ্রেফতার ৪
পানিহাটি উৎসবে বলিউড গায়কের গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটে যাওয়া মারধরের ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম তন্ময় সরকার (২৮)। এই ঘটনায় খড়দা থানার পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন দীপ অধিকারী, দেবজিৎ দাস, শিবম দাস ও আকাশ নস্কর—যাঁদের প্রত্যেকের বয়স ১৯ থেকে ২২ বছরের মধ্যে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গত ২০ ডিসেম্বর সোদপুরের অমরাবতী মাঠে শুরু হয় পানিহাটি উৎসব। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ২৮ ডিসেম্বর বলিউড গায়ক অঙ্কিত তিওয়ারির গানের অনুষ্ঠান। অভিযোগ, সেই অনুষ্ঠান চলাকালীন নাচানাচি নিয়ে তন্ময়ের সঙ্গে কয়েকজন যুবকের বচসা বাঁধে এবং দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। উপস্থিত দর্শকদের হস্তক্ষেপে তখন পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।
কিন্তু অভিযোগ, অনুষ্ঠান শেষ হওয়ার পরে মাঠ থেকে একা বেরোনোর সময় তন্ময়কে একটি গলিতে নিয়ে গিয়ে কয়েকজন বেধড়ক মারধর করে। রাস্তায় ফেলে তাঁকে লাথি, ঘুষি ও চড় মারা হয় বলে অভিযোগ। কোনও মতে বাড়ি ফিরে আসার পর রাতে তন্ময়ের বমি শুরু হয়। প্রথমে তাঁকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাঁকে কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং তার পর আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিন দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তাঁর।
তন্ময়ের বাড়ি সোদপুরের ঘোলা অপূর্বনগর এলাকায়। এই ঘটনায় খড়দা থানায় খুনের অভিযোগ দায়ের করেছে তন্ময়ের পরিবার। মৃত যুবকের মা গঙ্গা সরকারের অভিযোগ, মঞ্চের পিছনের দিকের গলিতে নিয়ে গিয়ে প্রায় ২০-২২ জন তাঁর ছেলেকে মারধর করে।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চার জনকে গ্রেফতার করে। এদিকে, এই ঘটনাকে ঘিরে উৎসবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পানিহাটির বিধায়ক তথা উৎসব কমিটির সভাপতি নির্মল ঘোষ দাবি করেছেন, মেলার ভেতরে কোনও ঘটনা ঘটেনি। তাঁর বক্তব্য, মেলার বাইরে যদি কিছু হয়ে থাকে, তার দায়িত্ব উৎসব কমিটির নয়।
❤ Support Us






