Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৫

গ্রেপ্তার ৪ স্টান্টবাজ

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্রেপ্তার ৪ স্টান্টবাজ

কেউ মোটরবাইকে সাইলেন্সর পাইপ লাগিয়ে বিকট শব্দ করে ছুটছে। কেউ অত্যাধুনিক বাইক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্টান্টবাজি করছে। এই প্রবণতা রুখতে তৎপর কাটোয়া থানার ট্রাফিক নিয়ন্ত্রণ শাখা। ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক স্নেহাশিস চৌধুরির নেতৃত্বে থানার নানা প্রান্তে হাজির হয়ে যাচ্ছেন পুলিশকর্মীরা। এমনই ৪ জন বাইক স্টান্টবাজকে আটক করল পুলিশ। মোটা টাকা জরিমানা করা হয়েছে। বাজেয়াপ্ত করল বাইক চারটি। বাইকগুলির এক একটির দাম ৩ থেকে ৪ লক্ষ টাকা। ৪ রাইডারের ড্রাইভিং লাইসেন্সও ৩ মাসের জন্য ‘নিষ্ক্রিয়’ (সাসপেন্ড) করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাকে সুচারুভাবে প্রয়োগের জন্য স্নেহাশিসবাবুদের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ কাটোয়ার শুভবুদ্ধিসম্পন্ন বাসিন্দারা।
পুলিশ ও এলাকা সূত্রের খবর, বীরভূম জেলার আমোদপুর ও পূর্বস্থলীর একদল যুবক কাটোয়া—বোলপুর রাজ্য সড়কের কাটোয়ার ফুলবাগান মোড়ে বাইক স্টান্টের ভিডিয়োগ্রাফি করছিল। সাবস্ক্রাইবার বাড়াতে সেগুলি ইউটিউবে আপলোড করত। খবর পেয়ে হাজির হন স্নেহাশিসবাবু। পুলিশ দেখে পিঠটান দেয় বাইক রাইডাররা। ধাওয়া করে ৪ স্টান্টবাজকে পাকড়াও করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, যারা অত দামি দামি বাইক নিয়ে ভিডিও শ্যুট করছিল, তাদের সকলের আয় খুবই নগণ্য। কেউ অন্যের দোকানে কাজ করে, কেউ কাঠমিস্ত্রি। কিন্তু ইউটিউবে ছবি আপলোড করে ভিউয়ার্স বাড়ানোর নেশায় এইসব কাজ করছে। গত ৩/৪ মাসে ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাইক চালানোর মাশুল গুনতে গোটা পূর্ব বর্ধমান জেলায় ১৫ জনের প্রাণ অকালে ঝরে গিয়েছে। সচেতনতা বাড়াতে পুলিশ—প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ‘সেভ লাইফ সেফ ড্রাইভ’ কর্মসূচি পালিত হচ্ছে। তাতেও টনক নড়ছে না স্টান্টবাজ ও ট্রাফিক আইন ভাঙা বাইক চালকদের। বাইকে মডিফায়েড সাইলেন্সার বিকট শব্দ তুলে রাতবিরেতে এলাকা দাপানোয় অতিষ্ঠ নাগরিকদের স্বস্তি দিতে ঘন ঘন অভিযান চালাচ্ছে পুলিশ। খুলে দিচ্ছে সাইলেন্সার। পুলিশ সূত্রের খবর, সমাজের গুরুত্বপূর্ণ পেশার লোকজনও যদি ট্রাফিক আইন ভাঙেন, তাহলে সাধারণ মানুষজনের আইন ভাঙার প্রবণতা বাড়বে। সিসি ক্যামেরায় আইন ভাঙার ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!