- ক | বি | তা
- জানুয়ারি ৯, ২০২০
নির্মেলেন্দু গুণের কবিতা
প্রথম অতিথি
এরকম বাংলাদেশ কখনো, দেখোনি তুমি।
মুহূর্তে সবুজ ঘাস পুড়ে যায়,
ত্রাসের আগুন লেগে লাল হয়ে জ্বলে উঠে চাঁদ।
নরোম নদীর চর হা-করা কবর হয়ে
গ্রাস করে পরম শত্রুকে;
মিত্রকে জয়ের চিহ্ন, পদতলে প্রেম,
ললাটে ধুলোর টিপ এঁকে দেয় মায়ের মতন;
এরকম বাংলাদেশ কখনো দেখোনি তুমি।নদীর জলের সঙ্গে মানুষের রক্ত মিশে আছে,
হিজল গাছের ছায়া বিপ্লবের সমান বয়সি।
রূপসি নারীর চুল ফুল নয়,
গুচ্ছ গুচ্ছ শোকের প্রতীক,
বাংলাদেশ আজ যেন বাংলাদেশ নয়;
এরকম বাংলাদেশ কখনো দেখোনি তুমি।
কখনো দেখেনি কেউ।বাতাস বাতাস শুধু নয়,
ত্রিশ লক্ষ মানুষের দীর্ঘশ্বাসময়
আকাশ আকাশ শুধু নয়,
এরকম বাংলাদেশ, বাংলাদেশ নয়।
এখনো প্রাণের মূল্যে
নদীর জলের মধ্যে আসে বান,
টর্নেডো-টাইফুন-ঝড়,
কাল-বৈশাখির দুরন্ত তুফান।কোকিল কোকিল শুধু নয়,
পাখি শুধু পাখি নয় গাছে,
বাউলের একতারা উরুর অস্থির মতো,
আগ্নেয়াস্ত্রে বারুদের মজ্জা মিশে আছে।আজকাল গান শুধু গান নয়,
সব গান অভিমান,
প্রাণের চিৎকার বলে ক্রুদ্ধ মনে হয়।
এরকম বাংলাদেশ কখনো দেখেনি কেউ,
তুমি তার প্রথম অতিথি।♦⇔♦
❤ Support Us








