- ক | বি | তা রোব-e-বর্ণ
- অক্টোবর ৫, ২০২৫
অনুবাদ কবিতা
চিত্রকর্ম : জ্যোতিন্দ্র মানশঙ্কর ভাট
বিনোদ কুমার শুক্লা
অনুবাদ : তমোজিৎ সাহা
পাহাড়কে ডাকতে গিয়ে
পাহাড়কে ভাকতে গিয়ে
আমি বলিনি, ‘পাহাড় এসো’
বলেছি, ‘ পাহাড়, আমি আসছি’।
পাহাড় যাতে আমাকে দেখতে পারে
তাই তার সামনে দাঁড়িয়ে
তাকে দেখছি।
পাহাড়কে বাড়িতে নিয়ে আসতে
পাহাড়ের উপরে একটি বাড়ি বানাব
থাকার জন্য একটি গুহা খুঁজব
অথবা ঠাকুরদার আশীর্বাদের মতো
পাথরের ছায়া
বলব এটাই আমাদের পৈত্রিক ঘরবাড়ি।
চিত্রকর্ম : বি. প্রভা । ১৯৬১
শহরে বসে ভাবছি
শহরে বসে ভাবছি
জঙ্গল কি আমার চিন্তাজগৎ থেকেও কাটা পড়ছে
জঙ্গলে যদি জঙ্গল না থাকে
তো কোথায় থাকবে ?
শহরের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোতে থাকবে।
রাতে রাস্তার গাছের তলায়
ঘুমিয়ে থাকা আদিবাসী পরিবারের স্বপ্নে আসে
একটি সালফি গাছ
আর বস্তারের ময়না
কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন দেখার সময়
তাদের চোখ অন্ধ হয়ে যায়।
পরিবারে একজন বৃদ্ধ আছেন
তিনি এখনও দেখতে ও শুনতে পারেন
কিন্তু আজ স্বপ্ন দেখার সময়
স্বপ্নের একটি শুকনো ডালের আঘাতে
তাঁর চোখ অন্ধ হয়ে যায়।
♦–♦♦–♦♦–♦♦–♦
❤ Support Us









