Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২২, ২০২৩

উয়েফার নিষেধাজ্ঞা বেআইনি, রায় ইউরোপের সর্বোচ্চ আদালতের। প্রশস্ত সুপার লিগের পথ

আরম্ভ ওয়েব ডেস্ক
উয়েফার নিষেধাজ্ঞা বেআইনি, রায় ইউরোপের সর্বোচ্চ আদালতের। প্রশস্ত সুপার লিগের পথ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিকল্প হিসেবে ২০২১ সালের এপ্রিলে ইউরোপের সেরা ১২টি ক্লাব ইউরোপিয়ান সুপার লিগ নামে নতুন প্রতিযোগিতা চালু করার কথা ঘোষণা করেছিল। এই লিগের মূল হোতা ছিলেন রিয়েল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, জুভেন্টাস ভেন্টাস চেয়ারম্যান আন্দ্রেয়া আনিয়েল্লি ও বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। এই সুপার লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল উয়েফা ও ফিফা। উয়েফা ও ফিফার সেই সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছে ইউরোপের সর্বোচ্চ আদালত। আদালত জানিয়েছে, উয়েফা ও ফিফার পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের আইন ভঙ্গ করেছে। আর আদালতের রায় পেয়ে সুপার লিগের আয়োজকরা নতুনভাবে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছে। ১২ দলের পরিবর্তে এবার ৬৪ দলকে নিয়ে সুপার লিগ করতে চায়।
২০২১ সালে সুপার লিগ আয়োজনের চেষ্টা ব্যর্থ হলে ২০২২ সালে শেষ দিকে এ২২ নামে একটা স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা তৈরি করা হয়। এই সংস্থাই ৬৪ দলকে নিয়ে সুপার লিগ আয়োজন করতে চলেছে। ৬৪ টি দলকে নিয়ে তিন স্তরে লিগ হবে। একটা লিগের নাম দেওয়া হয়েছে স্টার লিগ। যেখানে ইউরোপের সেরা ১৬টি দল খেলবে। দ্বিতীয় স্তরের লিগেও খেলবে ১৬টি দল। যে লিগের নাম দেওয়া হয়েছে গোল্ড লিগ। এই দুটি স্তরের লিগের দলগুলিকে ২টি করে গ্রুপে ভাগ করা হবে। আর তৃতীয় স্তরের ব্লু লিগে খেলবে ৩২টি দল। ৩২টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হবে। সুপার লিগে দলগুলির ওঠা–নামা থাকবে।
এই লিগে স্থায়ীভাবে কোনও দল থাকবে না। মাঠের পারফরমেন্সের ওপর ভিত্তি করে দলগুলো অংশ নেবে। সুপার লিগে খেলার পাশাপাশি দলগুলি ঘরোয়া লিগেও খেলবে। নক আউট পর্বে ওঠার আগে প্রতিটা ক্লাব ১৪টি করে ম্যাচ খেলবে। সুপার লিগের খেলাগুলি সপ্তাহের মাঝামাঝি সময়ে হবে। লিগে অংশগ্রহনকারী প্রতিটা দল কমপক্ষে ৪০ কোটি ইউরো করে পাবে বলে জানিয়েছেন এ২২–এর সিইও বার্নার্ড রাইখার্ট। ইউরোপের সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পর তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘‌উয়েফার একাধিপত্য থেকে ফুটবল মুক্ত। নিষেধাজ্ঞার ভয় না পেয়ে এখন সুপার লিগের পরিকল্পনা বাস্তবায়িত করা যাবে।’‌
যুগান্তকারী রায়ে ইউরোপের সর্বোচ্চ আদালত জানিয়েছে, ‘‌অনুমতি সাপেক্ষে সুপার লিগ আয়োজন করা যেতে পারে। সেই প্রতিযোগিতায় কোনও ক্লাব কিংবা খেলোয়াড় অংশ নিলে ফিফা ও উয়েফা যে নিষেধাজ্ঞার নিয়ম তৈরি করেছে, তা বেআইনি। এর মাধ্যমে ফুটবলে প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করা হয়েছে।’ তবে আদালত আরও জানিয়েছে, এই রায়ের অর্থ এই নয় যে, সুপার লিগ প্রকল্প এখনই চালু করা যাবে। আদালতের রায়ের পর রিয়েল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, ‘আদালতের রায় ঐতিহাসিক ও বিশাল তাৎপর্যপূর্ণ। এ রায়ের দুটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। প্রথমত, ইউরোপীয় ক্লাব ফুটবল আর একচেটিয়া থাকবে না। দ্বিতীয়ত, সব ক্লাবই এখন থেকে নিজেদের পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবে।’ বার্সিলোনা সভাপতি লাপোর্তা বলেছেন, ‘‌‘বার্সিলোনা মনে করে এই রায়ের মাধ্যমে ফুটবল বিশ্বে একচেটিয়া আধিপত্য ক্ষুন্ন করে ইউরোপে একটি নতুন অভিজাত প্রতিযোগিতার পথ প্রশস্ত হয়েছে।’

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!