- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২৬, ২০২৩
২০২৪ টি২০ বিশ্বকাপে নেতৃত্ব দেবেন? বড় ইঙ্গিত রোহিত শর্মার
২০২২ টি২০ বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে দেশের হয়ে খেলেননি রোহিত শর্মা। ২০২৪ বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে জল্পনা তৈরি হয়েছি। অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে তৈরি করছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু ২০২৪ টি২০ বিশ্বকাপে খেলার ব্যাপারে বড় ইঙ্গিত দিলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে নামার আগে টি২০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি ভারতীয় দলের অধিনায়ক।
বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ ও একদিনের সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। এরপরই আইপিএল। আর আইপিএলের পরপরই টি২০ বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে টি২০ বিশ্বকাপে রোহিত দেশকে নেতৃত্ব দিন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে রোহিতের কাছে আগামী বছর টি২০ বিশ্বকাপ খেলার ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। টি২০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি রোহিত। দিয়েছেন ইঙ্গিতপূর্ণ জবাব। তিনি বলেন, ‘সব সময়ই ভাল ক্রিকেট খেলার জন্য মুখিয়ে থাকি। সবাই ভাল খেলতে চায়। সুযোগ এলে আমরাও ভাল কিছু করতে চাই। টি২০ বিশ্বকাপে খেলব কিনা, সেই প্রশ্নের জবাব খুব তাড়াতাড়িই পাওয়া যাবে।’
বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি রোহিত শর্মা। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ইতিহাস গড়তে চান। আজহারউদ্দিন থেকে শুরু করে শচীন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, এখনও পর্যন্ত কোনও অধিনায়ক দক্ষিণ আফ্রিকার মাটিতে দেশকে টেস্ট সিরিজ জেতাতে পারেননি। রোহিতের লক্ষ্য দেশকে সিরিজ জেতান। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও টেস্ট সিরিজ জিতিনি। আমি সেই লক্ষ্যে পৌঁছে ইতিহাস গড়তে চাই। আর ইতিহাস গড়ার জন্য সেরা ক্রিকেট খেলতে তৈরি।’
বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতলেও বিশ্বকাপ ক্ষতে প্রলেপ দেওয়া যাবে না বলে মনে করছেন রোহিত শর্মা। তিনি বলেন, ‘বিশ্বকাপের সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না। বিশ্বকাপ বিশ্বকাপই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অবশ্য এই সিরিজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা যদি সিরিজ জিততে পারি, ইতিহাস হবে। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ক্রিকেটাররাও ইতিহাস গড়ার দিকে তাকিয়ে রয়েছে। আশা করছি ভাল পারফরমেন্স হবে।’
❤ Support Us






