Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ২৯, ২০২৩

ভারতের সঙ্গে সম্পর্কে বাড়তি গুরুত্ব, প্রকাশিত আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতের সঙ্গে সম্পর্কে বাড়তি গুরুত্ব,  প্রকাশিত আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার

‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগ। এই ইশতেহারের শিরোনাম রাখা হয়েছে ‘উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সোনারগাঁও হোটেলে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।

আবার ক্ষমতায় এলে উন্নয়নের জন্য কী কী করা হবে, সেই পরিকল্পনা তুলে ধরা হয়েছে ইশতেহারে। এবার মূলত ১১টি বিষয়ের উপর বিশেষ অগ্রাধিকার দিয়েছে আওয়ামী লীগ। আগের সংসদ নির্বাচনের সময় ইশতেহারে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের বিষয়টিকে অঙ্গীকারের তালিকায় রেখেছিল। আর দ্বাদশ সংসদ নির্বাচনের ইশতেহারে বিশেষ অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখার চেষ্টার কথা। এছাড়াও বিশেষ তালিকায় রাখা হয়েছে ব্যাঙ্কের আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা এবং সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করার বিষয়টি।

আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বলেন, “সরকার পরিচালনার বিশাল কর্মযজ্ঞে আমাদের ভুল-ত্রুটি হওয়া স্বাভাবিক। জনগণের রায় নিয়ে সেই ভুল-ত্রুটি সংশোধন করে আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাই।” প্রসঙ্গত উল্লেখ্য, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গত দু’বছর ধরে দ্রব্যমূল্যের ব্যাপক বৃদ্ধি ও ব্যাঙ্ক খাতে ব্যাপক দুর্নীতি, অনিয়মের নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের ইশতেহার তৈরির জন্য দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের মতামত নিয়েছে আওয়ামী লীগ। তাঁদের মতামতের ভিত্তিতেই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার দিকে নজর দিচ্ছে আওয়ামী লীগ। দুর্নীতি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের সুশাসনের ওপর জোর দিয়ে আসন্ন নির্বাচনের ইশতেহার তৈরি করা হয়েছে।

২০০৮ সালে সংসদ নির্বাচনের আগে ইশতেহারে ঘোষণা করা হয়েছিল ‘দিন বদলের সনদ’-এর কথা। বলা হয়েছিল, ২০২১ সালের মধ্যেই ডিজিটাল বাংলাদেশ হবে। সেই লক্ষ্য বাস্তবায়ন হয়েছে। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনী ইশতেহারের স্লোগান ছিল ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’। তবে প্রতিশ্রুতি রাখতে পারেনি শেখ হাসিনা সরকার। দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, সাধারণ মানুষ ক্ষিপ্ত। আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সাব্বির আহম্মেদ সংবাদ মাধ্যমকে বলেছেন, “এবারের ইশতেহার এসেছে একটি ধারাবাহিকতা থেকে, যেখানে বাংলাদেশকে ধীরে ধীরে শিল্পোন্নত দেশের দিকে নিয়ে যাওয়ার একটি রূপরেখা দেওয়া হয়েছে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!