Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৪, ২০২৪

কয়লা পাচার কান্ডে শর্তসাপেক্ষে জামিন লালার

আরম্ভ ওয়েব ডেস্ক
কয়লা পাচার কান্ডে শর্তসাপেক্ষে জামিন লালার

মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত লালা ওরফে অনুপ মাজি। আজকে তাঁকে ১০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত।

শুনানিতে বিচারক তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর জিজ্ঞাসা, তিন বছর ধরে লালা সুপ্রিম কোর্টের রক্ষাকবচের সুবিধা পাওয়ার পরেও কেন তার বিরোধিতা করে উচ্চ আদালতে যায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

লালাকে আদালতের নির্দেশ, তাঁকে তদন্তে পরিপূর্ণ সহযোগিতা করতে হবে। নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী ২১ মের মধ্যে সিবিআইকে কয়লা পাচার মামলার চূড়ান্ত চার্জশিট গঠন করতে হবে। ট্রায়ালের সময় লালাকে সশরীরে হাজিরা দিতে হবে আদালতে। পাশাপাশি তাঁকে তাঁর পৈতৃক বাড়ি অর্থাৎ পুরুলিয়ার রঘুনাথপুরের ভামোরিয়া গ্রামে থাকতে হবে। আদালতের আদেশ ছাড়া এলাকা ছাড়তে পারবেন না তিনি।

এদিকে আরেক অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার। চার্জ গঠনের দিন তিনি হাজির না হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। বাজেয়াপ্ত হয় লালার সম্পত্তি। তাঁর সঙ্গী বলে পরিচিত গুরুপদ মাজিসহ চারজন গ্রেপ্তার হন। তিনজন জামিন পেলেও গুরুপদ এখনও তিহাড় জেলেই আছেন। উঠে এসেছে অনুপ মাজির এনামুল-যোগের কথাও, যার সিন্ডিকেট ব্যবহার করে কয়লা পাচার করতেন তিনি। সিবিআইয়ের দাবি, লালার সঙ্গে পুলিশ-প্রশাসন, ইস্টার্ন কোল্ডফিল্ড, রেলকর্তাদের একাংশেরও যোগাযোগ রয়েছে। তদন্তকারী সংস্থার র‍্যাডারে আর কতজনের নাম উঠে আসে সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ এবং আদালত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!