- এই মুহূর্তে বি। দে । শ
- ডিসেম্বর ২৮, ২০২৪
কাঁটাতারের সীমানা পেরিয়ে, মনমোহনের স্মৃতিতে মৌন পাকিস্তানের গাহ
ড.মনমোহন সিং ২৬ সেপ্টেম্বর, ১৯৩২ সালে গাহ গ্রামে জন্মেছিলেন। বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলা। শৈববের সেই গ্রাম ‘ঘরের ছেলে’র মৃত্যুতে শোকোস্তব্ধ। আয়োজন করা হয়েছিল স্মরণসভার।
প্রাক্তন প্রধানমন্ত্রী, অর্থনীতিবিদ ড.মনমোহন সিংয়ের প্রয়াণে যখন গোটা দেশে শোকের ছায়া তখন দিল্লী থেকে বহু দূরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গাহ গ্রামও শোকে মুহ্যমান। ১৯৩২ সালে অবিভক্ত ভারতের এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন মনমোহন। রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমে রয়েছে মনমোহনের গ্রাম। ওখানেই কেটেছে তাঁর ছেলেবেলা। বৃহস্পতিবার মৃত্যু সংবাদ যেন বাতাসে শোক বয়ে নিয়ে এসেছিল সঙ্গে করে। পরিবারের মানুষ হারানোর মতোই যন্ত্রণা পাচ্ছেন গ্রামের মানুষেরা। একই জেলাতেই জন্মেছিলেন মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌর কোহলি।
২০০৪ সালে যখন মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হন, সেই আলোর একটি ছোঁয়া যেন এসে লাগে তাঁর ফেলে আসা গ্রামেও। গাহের মানুষ আশায় বুক বাঁধেন, হয়তো তাদের গ্রামের ছেলে একটিবারের জন্যেও ফিরে আসবে আবার। পরম যত্নে নিজের হাতে উপহার বানিয়ে রাখেন গ্রামের মহিলারা। প্রশাসনের লোকেরা আসেন গ্রাম পরিদর্শনে। কিন্তু মনমোহনের গ্রামে যাওয়া আর হয়নি। হয়নি বন্ধুদের সঙ্গে পুর্নমিলন। ২০০৮ সালে মনমোহনের বাল্যবন্ধু রাজা মুহম্মদ আলি দিল্লী আসেন তাঁর সাথে দেখা করতে। আলি তার বন্ধুর সঙ্গে দেখা করে যেতে পারলেও, অন্য বন্ধুরা অর্থনৈতিক কারণে তা পারেনি।
শুক্রবার গাহ গ্রামে শোকসভায় এলাকার মানুষ জড়ো হন। রাজা আশিক আলি যিনি সম্পর্কে রাজা মুহম্মদ আলির ভাইপো, স্মরণসভায় বলেন – ” সমস্ত গ্রামবাসীরা আজ শোক পালন করছেন। আমরা আশা করেছিলাম হয়তো তিনি একবার গ্রামে আসবেন, দুর্ভাগ্যজনকভাবে সেটা সম্ভব হয়নি। আমরা এখন অপেক্ষা করছি হয়তো তাঁর স্ত্রী, মেয়েরা আসবেন।”
তিনি আরও বলেন – ” উনি ছিলেন আমাদের গ্রামের মাথা, আজ আমরা মাথা হারালাম। আমরা চাই তাঁর শেষকৃত্যে অংশগ্রণ করতে, কিন্তু আমরা জানি সেটা সম্ভব নয় ।”
ড.মনমোহন সিং প্রধানমন্ত্রী হবার পরে উন্নয়নের জোয়ার লাগে পাকিস্তানের গাহ গ্রামেও । পিচরাস্তা হয়, তৈরি হয় স্কুল, রাস্তায় বসে সৌরচালিত আলো। যদিও মেয়েদের স্কুল, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ আটকে আছে বহুদিন। এদিন গ্রামবাসীরা সম্মিলিতভাবে তাদের ঘরের ছেলের আত্মার শান্তি প্রার্থনা করেন।
পাকিস্তানের বিদেশমন্ত্রী শুক্রবার শোকপালন করে লিখেছেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুর খবরে আমি দুঃখিত। পাকিস্তানের চকওয়াল জেলার গাহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ছিলেন অসাধারণ অর্থনীতিবিদ এবং রাজনৈতিক নেতা। নিজের জ্ঞান এবং শান্ত স্বভাবের কারণে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’’
আজ শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে যমুনার তীরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন – ড. মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ বানানোর জন্য জায়গা দেবে কেন্দ্র। তাঁর মৃত্যুতে সারা ভারত জুড়ে সাত দিন জাতীয় শোক পালিত হচ্ছে ।
❤ Support Us






