Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৪, ২০২৫

নর্থইস্ট ইউনাইটেডকে আটকে দিয়ে বছর শুরু করল মহমেডান

আরম্ভ ওয়েব ডেস্ক
নর্থইস্ট ইউনাইটেডকে আটকে দিয়ে বছর শুরু করল মহমেডান

প্রথম একাদশের বেশ কয়েকজন ফুটবলার নেই। একের পর এক ম্যাচ হেরে মনোবল তলানিতে। এই অবস্থায় নতুন বছরের শুরুটা খুব একটা খারাপ হল না মহমেডান স্পোর্টিংয়ের। আইএসএলে বছরের প্রথম ম্যাচেই ডুরান্ড কাপজয়ী শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে তাদের ঘরের মাঠে আটকে দিয়ে পয়েন্ট ছিনিয়ে নিল মহমেডান। ম্যাচের ফল গোলশূন্য।
গত বছরের শেষ ম্যাচে ঘরের মাঠে ওড়িশা এফসি–কে আটকে দিয়েছিল মহমেডান। ওড়িশার মতো শক্তিশালী দলের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেওয়াটা আত্মবিশ্বাস বাড়িয়েছিল মহমেডান ফুটবলারদের। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নেমেছিল সাদাকালো ব্রিগেড। আদিঙ্গা, কাশিমভ, সিজার মানজোকির মতো প্রথম একাদশের ফুটবলাররা না থাকায় রক্ষণাত্মক ফুটবলের দিকে নজর দিয়েছিলেন মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ।
ম্যাচের শুরু থেকেই নর্থইস্ট ইউনাইটেডের প্রাধান্য ছিল। কিন্তু মহমেডান রক্ষণভাগের দৃঢ়তায় তিন কাঠি খুঁজে পাননি নর্থইস্ট স্ট্রাইকাররা। কৃতিত্ব অবশ্য প্রাপ্য মহমেডান রক্ষণের। দুরন্ত খেললেন ফ্লোরেন্ট আগিয়ের, জোহরলিয়ানারা। বিশেষ করে ফ্লোরেন্টের কথা বলতেই হবে। গোটা ম্যাচে চলতি আইএসএলে সর্বোচ্চ গোলদাতা আলাদিনকে নড়তেই দেননি। ফলে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি নর্থইস্ট ইউনাইটেড।
প্রথমমার্ধে নর্থইস্ট ইউনাইটেড তেমন সুযোগ তৈরি করতে না পারলেও ৪৪ মিনিটে ম্যাচের সহজ সুযোগ এসে গিয়েছিল রেমসাঙ্গার কাছে। পা পিছলে যাওয়ায় ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি। সেই সময় নর্থইস্ট গোলকিপার অনেকটা এগিয়ে ছিলেন। দ্বিতীয়ার্ধে অ্যালেক্সিজের সামনেও একটা সুযোগ এসে গিয়েছিল। তাঁর শট বাঁচান নর্থইস্ট গোলকিপার গুরমিত সিং। নর্থইস্টের পক্ষে বলার মতো সুযোগ, ৭০ মিনিটে গিলেরমো ফার্নান্ডেজের শট পোস্টে লেগে ফিরে আসে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!