- দে । শ
- আগস্ট ২৪, ২০২৬
সরকারি হাসপাতালের অবস্থা কেমন! সরেজমিনে খতিয়ে দেখলেন স্বাস্থ্যমন্ত্রী, নতুন নির্দেশিকা আনছে স্বাস্থ্য দপ্তর
রোগীর বেডে তাদের আত্মীয়রা থাকবেন না। এমনই একটি নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জি। পেশায় চিকিৎসক শারদ্বতবাবুর যুক্তি, এতে রোগীর আত্মীয়টিও সংক্রামিত হতে পারেন। তবে ‘মুমূর্ষু রোগীদের’ ক্ষেত্রে এই নির্দেশিকা খাটবে না।
এদিন, পূর্বস্থলী ১নং ও ২নং ব্লক হাসপাতাল, কালনা মহকুমা হাসপাতাল, কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল ও মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। কোভিডের সময় ‘কেন্দ্র সরকারের তৈরি হওয়া হাসপাতালের ভবনগুলি চালু করতে না পারার’ জন্য প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় তোলেন শারদ্বতবাবু। বললেন, ‘মমতা ব্যানার্জিতো নিজেকে বাঙালির অস্মিতা বলেন। তাহলে প্রধানমন্ত্রীর টাকায় তৈরি হাসপাতালগুলি চালু করেননি কেন?’ পূর্বস্থলী ১নং ব্লক স্বাস্থ্যকেন্দ্র শ্রীরামপুর হাসপাতালে ১০০ শয্যার পরিকাঠামো থাকা সত্ত্বেও পূর্ণাঙ্গ পরিষেবা চালু করতে না পারার জন্য মমতাকে নিশানা করেন স্বাস্থ্যমন্ত্রী।
২০১৯ সালে অতিমারি কোভিডের পরবর্তী সময়ে কেন্দ্র সরকার রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল লাগোয়া চত্বরে ১০ কোটি টাকা করে খরচ করে ১০০ শয্যার নতুন ভবন তৈরি হয়। সেইসব ভবনে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখা হয়। ভবনগুলি চালু না হওয়ার কারণ হিসেবে স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, ‘পূর্ববর্তী সরকারের আমলে ভবনগুলি চালু না করে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত রাখা হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী চাননি বলেই ভবনগুলি চালু হয়নি।’ তবে খুব শীঘ্রই শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল-সহ ১০০ শয্যার সমস্ত ভবনগুলি দ্রুত চালুর আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী জানতে পারেন, কুকুরে কামড়ানোর ভ্যাকসিন মিলছে না। এ ব্যাপারে তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিককে ভ্যাকসিনের মজুত শেষ হওয়ার আগেই রিকুইজিশন দেওয়ার নির্দেশ দেন। পূর্বস্থলী ১নং ব্লকের দোগাছিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবার মানোন্নয়নের বিষয়ে ভাবনাচিন্তা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালে দু’-তিন দিনের মধ্যে ইসিজি, রক্ত পরীক্ষা ও এক্স-রে পরিষেবা চালুর আশ্বাসও দেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি চিকিৎসক-নার্সদের সঙ্গে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সহযোগিতা ও ভালো ব্যবহারের আবেদনও জানান স্বাস্থ্যমন্ত্রী।
❤ Support Us






