Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ২০, ২০২৬

‌বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনালে সিন্ধু

আরম্ভ ওয়েব ডেস্ক
‌বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনালে সিন্ধু

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেনকে ঘিরে স্বপ্ন ছিল। কিন্তু প্রত্যাশাপূরণে ব্যর্থ। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন দেশের সেরা এই ব্যাডমিন্টন তারকা। লক্ষ্য সেন বিদায় নিলেও আর এক তরুণ তুর্কী আয়ুশ শেঠি অবশ্য প্রি–কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। মহিলাদের সিঙ্গলসে কঠিন লড়াইয়ে কানাডার ওয়েন ইউ ঝাং–কে হারিয়ে শেষ ষোলোর ছাড়পত্র পেয়েছেন পিভি সিন্ধুও। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন উন্নতি হুডা।

কানাডার ওয়েন ইউ ঝাং–এর বিরুদ্ধে দারুণ শুরু করে প্রথমেই ৬–৪ ব্যবধানে এগিয়ে যান পিভি সিন্ধু। এরপর দ্রুত লড়াইয়ে ফিরে আসেন ওয়েন ইউ ঝাং। সমতা ফিরিয়ে স্কোর ৮–৮ করেন। এরপর ওয়েনকে চাপে রেখে প্রথম গেমে ১৮–১২ পয়েন্টে এগিয়ে যান। পাঁচটি গেম পয়েন্টের মধ্যে দ্বিতীয়টি কাজে লাগিয়ে প্রথম গেম ২১–১৬ ব্যবধানে প্রথম গেম জিতে নেন সিন্ধু। দ্বিতীয় গেমেও লড়াই দারুণ জমে উঠেছিল। শেষপর্যন্ত ২১–১৭ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে প্রি–কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান সিন্ধু। প্রি–কোয়ার্টার ফাইনালে বিশ্বের ৩ নম্বর তারকা চিনের ওয়াং ঝিয়ি–র বিরুদ্ধে খেলবেন তিনি।

এদিক, পুরুষদের সিঙ্গলসে আয়ুশ শেঠির চমক অব্যাহত। প্রথম রাউন্ডে শীর্ষ বাছাই ও গতবারের চ্যাম্পিয়ন শি ইউ চি–কে হারিয়ে অঘটন ঘটানোর পর এদিন হারালেন শ্রীলঙ্কার দুমিন্দু আবেবিক্রমাকে। শ্রীলঙ্কার এই শাটলার আয়ুশের সামনে দাঁড়াতেই পারেননি। খেলার ফল ২১–৮, ২১–১০। দুর্দান্ত শুরু করে প্রথম গেমে দ্রুত ১১–৩ ব্যবধানে এগিয়ে যান আয়ুশ। তাঁর নিখুঁত আক্রমণাত্মক স্ট্রোকের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছিলেন আবেবিক্রমা। প্রথম গেম ২১–৮ ব্যবধানে জিতে নেন আয়ুশ। দ্বিতীয় গেমেও আধিপত্য বজায় রেখে ১১ পয়েন্টে এগিয়ে যান। কিন্তু শ্রীলঙ্কান শাটলার শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে আয়ুশ ম্যাচের ওপর নিয়ন্ত্রণ রেখে ২১–১০ ব্যবধানে জিতে শেষ ষোলোয় পৌঁছে যান। প্রি–কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার আলউই ফারহানের মুখোমুখি হবেন আয়ুশ।

আয়ুশ এগোলেও পুরুষদের সিঙ্গলসে বড় ধাক্কা খেয়েছে ভারত। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৯২ নম্বরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যারেট টানের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন লক্ষ্য সেন। ১৮ বছর বয়সী এই আমেরিকার টানটান উত্তেজনার ম্যাচে বিশ্বের ১৪ নম্বর তারকা লক্ষ্য সেনকে হারিয়েছেন ১৯–২১, ২১–১৯, ২১–১৭ ব্যবধানে। মহিলাদের সিঙ্গলসে ১৮ বছর বয়সী উন্নতি হুডা ১৩তম বাছাই কানাডার মিশেল লি–র কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১১–২১, ২১–৯, ২৩–২১ ব্যবধানে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। এটাই ছিল উন্নতি হুডার প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ।

পুরুষদের ডাবলসে প্রি–কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারতের সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি। প্রথম রাউন্ডে বাই পেয়েছিল এই ভারতীয় জুটি। চোটের জন্য দ্বিতীয় রাউন্ডে স্কটল্যান্ডের আলেকজান্দার ডান ও অ্যাডাম প্রিঙ্গল জুটি শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছে। মিক্সড ডাবলসে ম্যাকাওয়ের লিওং লোক চং এবং এনজি ওয়েং চি–কে ২১–১১, ২১–১১ ব্যবধানে হারিয়ে প্রি–কোয়ার্টার ফাইনালে উঠেছে ধ্রুব কপিলা ও তানিশা ক্র‌্যাস্টো জুটি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!