- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ২২, ২০২৬
ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ চোপড়া
চোটের কারণে বেশ কয়েক মাস ট্র্যাকের বাইরে থাকার পর গ্লাসগো কমনওয়েলথ গেমসে ট্র্যাকে নেমেছিলেন। নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ডায়মন্ড লিগেও মরশুমের সেরা থ্রো করেও প্রথম স্থান পেলেন না। দ্বিতীয় হয়েই সন্তুষ্ট হয়ে থাকতে হল নীরজ চোপড়াকে। কমনওয়েলথ গেমসের পর আবার বাজিমাত শ্রীলঙ্কার রুমেশ থরঙ্গা পাথিরাগার।
কমনওয়েলথ গেমসের মতো ডায়মন্ড লিগে পাকিস্তানের আরশাদ নাদিম ছিলেন না। তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি। তবে শ্রীলঙ্কার রুমেশ থরঙ্গা পাথিরাগা ছিলেন। তিনিই এখন নীরজ চোপড়ার প্রধান প্রতিদ্বন্দ্বী। সুইজারল্যান্ডের লুসানে অনুষ্ঠিত ডায়মন্ড লিগের পুরুষদের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় নীরজ ও রুমেশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়।
চোট থেকে ফেরার পর থেকে নীরজ চোপড়া নিজের পারফরম্যান্সের উন্নতি অব্যাহত রেখেছেন। ২০২৬ কমনওয়েলথ গেমসে মরশুমের সেরা থ্রো করার প্রায় তিন সপ্তাহ পর, লুসান ডায়মন্ড লিগে নীরজ ২ মিটারেরও বেশি থ্রো করেন। কিন্তু কমনওয়েলথ গেমসের মতোই, নিজের সেরা পারফরম্যান্স সত্ত্বেও এই ভারতীয় এবারও দ্বিতীয় হন। এবারও শ্রীলঙ্কার উদীয়মান জ্যাভলিন থ্রোয়ার রুমেশ থরঙ্গা পাথিরাগার কাছে হেরে যান নীরজ।
রুমেশ প্রথম থ্রোতে ৮৫.৯৯ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেন। অন্যদিকে নীরজও প্রথম থ্রোতে ছোড়েন ৮৩.৫৪ মিটার। দ্বিতীয় রাউন্ডে শ্রীলঙ্কান জ্যাভেলার ছোড়েন ৮৭.০৬ মিটার। দ্বিতীয় থ্রোতে কিন্তু নীরজ ৮৮.০৬ মিটার দূরত্ব অতিক্রম করে প্রথম স্থানে পৌঁছে যান। এটাই চলতি মরশুমে নীরজের সেরা থ্রো, গ্লাসগো কমনওয়েলথ গেমসের ৮৫.৮৩ মিটারের চেয়ে ২ মিটার বেশি।
কিন্তু নীরজের এই শীর্ষস্থান দীর্ঘস্থায়ী হয়নি। কারণ রুমেশ তাঁর তৃতীয় থ্রোতে ৮৮.১৪ মিটার ছোড়েন। নীরজ তৃতীয় থ্রোতে মাত্র ৮৩.৭২ মিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হন। পরবর্তী তিনটি থ্রোতেও রুমেশকে অতিক্রম করতে পারেননি। মাত্র ১৪ সেন্টিমিটারের জন্য প্রথম স্থান থেকে বঞ্চিত হন নীরজ। তা সত্ত্বেও আগামী ৫ সেপ্টেম্বর ব্রাসেলসে অনুষ্ঠিতব্য ডায়মন্ড লিগ ফাইনালের কাছাকাছি পৌঁছে গেলেন এই ভারতীয় জ্যাভেলার।
❤ Support Us








