Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ৯, ২০২৫

৩ সপ্তাহের মধ্যে রাজ্যের ১৭ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে হবে, নির্দেশ আদালতের

আরম্ভ ওয়েব ডেস্ক
৩ সপ্তাহের মধ্যে রাজ্যের ১৭ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে হবে, নির্দেশ আদালতের

বাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সংক্রান্ত জট কাটাতে আচার্য অর্থাৎ রাজ্যপালকে তিন সপ্তাহের সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এ ব্যাপারে রাজ্যের সঙ্গে কোনো মতবিরোধ হলে তা দ্রুত মিটিয়ে নিয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যেখানে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়ার শিক্ষাজীবনের প্রশ্ন, দ্রুত সেই জটিলতা মেটাতে শীর্ষ আদালত সেই কথা মাথায় রেখে এই নির্দেশ দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত, দীপঙ্কর দত্ত এবং উজ্জল ভূঁইয়ার এজলাসে রাজ্যের উপচার্য নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে রাজ্যপালের তরফে এজি ভেঙ্কটরামানি জানান, উপাচার্য নিয়োগের জট দ্রুত কেটে যাবে। তবে সেক্ষেত্রে কিছুটা সময় দেওয়া হোক। ১৭টি উপাচার্যের নামের ক্ষেত্রে দুই তরফে জটিলতা কেটে গিয়েছে। আরও ১৭টি নামের ক্ষেত্রে কিছু মতভেদ আছে।আরও তিন সপ্তাহ সময় পেলে তাঁরা রাজ্যের সব ক’টি বিশ্ববিদ্যালয়ের খালি থাকা উপাচার্য পদে নিয়োগের কাজ শেষ করে দেবেন। এজি আরও বলেন, “আমি অধ্যক্ষ এবং রাজ্যের মধ্যে আরও মধ্যস্থতা করার চেষ্টা করে যাচ্ছি।”

তাঁর সওয়াল শুনে বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘যখনই আবার মতবিরোধ হবে, তখনই আমাদের সময় দিতে হবে। দয়া করে আমাদের সময় সাশ্রয় করতে সাহায্য করুন। আপনাদের অফিসকে কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের কাজ শেষ করুন। বিচারপতি সূর্যকান্তের কথার সূত্র ধরেই রাজ্যের পক্ষের আইনজিবী অভিষেক মনু সিঙ্ঘভি প্রশ্ন তোলেন, ১৭ সংখ্যাটি শুনতে ভালো লাগলেও মনে রাখতে হবে যে, ৩৪ এর মধ্যে মাত্র ১৭ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের কাজ শেষ হয়েছে। ৯ ডিসেম্বর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, ৩ সপ্তাহের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে উপচার্য নিয়োগের কাজ শেষ করতে হবে কিন্তু তা পালন হয়নি। এরপরই তিনি বলেন, “ইতিমধ্যেই আমরা আট সপ্তাহ পিছিয়ে আছি।” দুই তরফের বক্তব্য শোনার পর তিন সপ্তাহ সময় বেঁধে দিল আদালতের তিন বিচারপতির বেঞ্চ।

রাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে উপাচার্যের পদ খালি পড়ে আছে। সমস্যার মুখে বিশ্ববিদ্যালয় পরিচালনার কাজ। অন্যদিকে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের মধ্যে যুযুধান লড়াই চলছে। একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার ও রাজ্যপালকে বসে চুড়ান্ত তালিকা তৈরি করবার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী সুপারিশ করা নামের প্যানেল থেকেই উপাচার্য নিয়োগ করতে হবে, নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। যদি সেই নামের মধ্যে থেকে উপাচার্য নিয়োগ না করা হয় তাহলে তার কারণ এবং প্রয়োজনীয় তথ্য দিতে হবে। শিক্ষাজগতের বিভিন্ন শাখা থেকেই উপাচার্য নিয়োগ হতে পারে। সেই মতো রাজভবনে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল সিভি আনন্দ বোস বৈঠকও করেছিলেন। কিন্তু জট পুরোপুরি কাটেনি, অর্ধেক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়নি উপাচার্য।

৬ ডিসেম্বর, প্রথম পর্যায়ে প্রেসিডেন্সি, বর্ধমান, বাঁকুড়া, কল্যাণী, সিধু-কানহো-বিরসা এবং রানি রাসমণি গ্রিন বিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। তার পর ১০ ডিসেম্বর আরও চার এবং ১১ ডিসেম্বর আরও একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, মহাত্মা গান্ধী বিশ্ববিদ‍্যালয়, হিন্দি বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। ১৭ ডিসেম্বর দার্জিলিং হিল্‌স বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে।
প্রসঙ্গত, এ বছরেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও উপাচার্য নিয়োগে বড় পরিবর্তন আনতে চলেছে ইউজিসি। ইউজিসির আগের নিয়ম ছিল কেবলমাত্র শিক্ষাজগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই উপাচার্য পদের জন্য আবেদন করতে পারতেন। নতুন নিয়মে এই শর্ত থাকছে না। শিক্ষা জগতের বাইরে থেকেও উপাচার্য নিয়োগ হতে পারেন। এমনকি প্রশাসন এবং শিল্পক্ষেত্র থেকেও উপাচার্য পদপ্রার্থী হওয়া যাবে। উপাচার্যদের কাজের মেয়াদ ৪ বছরের বদলে ৫ বছর হবে। কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটিতে থাকবেন আচার্য এবং ইউজিসির প্রতিনিধির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেট মেম্বার। সার্চ কমিটিতে কারা থাকবেন, এই নিয়েই বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে বিবাদ চলছে। ২০১১ সালের আগে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে ইউজিসি, আচার্য এবং বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেট মেম্বাররাই থাকতেন। ২০১২ সালে বদলে ফেলা হয় নিয়ম। ইউজিসি-র বদলে রাজ্য সরকারের প্রতিনিধি যুক্ত করা হয়।

২০২১-এ তৃণমূল সরকার বিধানসভায় উপাচার্য নিয়োগ একটি প্রস্তাব পাশ করে। প্রস্তাবে বলা হয় উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রী, উচ্চশিক্ষা দফতর, উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধির পাশাপাশি ইউজিসি ও আচার্যর প্রতিনিধি থাকবেন। যদিও সেই বিল এখনো পাশ করেনি রাজ্যপাল। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে আচার্য, ইউজিসি এবং রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিও নিয়োগ কমিটিতে রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!