Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৫, ২০২৫

কাটোয়ার ভাগীরথীর ঘাটে মকর স্নান, শামিল ভিনরাজ্যের পুণ্যার্থীরাও

আরম্ভ ওয়েব ডেস্ক
কাটোয়ার ভাগীরথীর ঘাটে মকর স্নান, শামিল ভিনরাজ্যের পুণ্যার্থীরাও

মকর স্নান করে শাঁখা পরলে সংসার সুখের হয়। সেই বিশ্বাসে ভর করে পৌষ সংক্রান্তিতে পুণ্যার্থীদের স্নানের ভিড় জমল কাটোয়ার ভাগীরথীর ঘাটে।প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই কাটোয়ার সতীশ সাহার ঘাটে দিনভর চলল মকরস্নান। স্নান সেরে ঘাটের কাছেই এয়োতিরা শাঁখা পরছেন। পার্শ্ববর্তী জেলা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এমনকী ভিনরাজ্যের পুণ্যার্থীরাও নদীঘাটে স্নানের জন্য ভিড় জমান।

প্রাচীন ইতিহাস গবেষক রণদেব মুখোপাধ্যায় বললেন, ‘শাস্ত্রীয় মতে হিন্দু ধর্মে মকর স্নান একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে ভগীরথের সাধনায় তুষ্ট হয়ে গঙ্গা মর্ত্যে নেমে এসে সাগরে মিলিত হয়েছিলেন। সেজন্যই গঙ্গার অন্য নাম ভাগীরথী।’ আরও জানা গেল, এদিনটিকে হিন্দু ধর্মে পিতা-পুত্রের মিলনের দিন হিসেবেও উদযাপন করা হয়। এখানে স্নান করতে আসা বিহারের ধনঞ্জয়লাল শাহ্, বীরভূমের মিনতি দাসদের কথায়, ‘এই তিথিতে গঙ্গা স্নান করে শাঁখা পরলে সংসারের মঙ্গল হয়। স্বামী-পুত্র নিয়ে সুখে সংসার যাপন করা যায়। তাই এসেছি।’ শাঁখা বিক্রেতা শরৎ দাস জানালেন, ‘ফি-বছর আসি। ভালই বিক্রি হয়।’

কালনার ধাত্রীগ্রাম পঞ্চায়েতের মালতীপুরের ছাড়িগঙ্গার ঘাটে মকর স্নান ও মেলার এবার শতবর্ষ। এই উপলক্ষ্যে এবারের মেলা সপ্তাহব্যাপী। মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ছিলেন চিত্রাভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া। এই মেলায় হিন্দুদের সঙ্গে যোগ দেন মুসলিম সম্প্রদায়েরও বহু মানুষ। উদ্যোক্তারা জানালেন, রোজই থাকছে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীদের নিয়ে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!