Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২০, ২০২৫

সেতু সংস্কারের আংশিক কাজ সম্পূর্ণ । নাদনঘাটে শুরু বাস চলাচল

আরম্ভ ওয়েব ডেস্ক
সেতু সংস্কারের আংশিক কাজ সম্পূর্ণ । নাদনঘাটে শুরু বাস চলাচল

ভোগান্তির ইতি। আংশিক হাল ফেরানো বর্ধমানের সঙ্গে কালনা মহকুমা ও নবদ্বীপের যোগাযোগের অন্যতম মাধ্যম খড়ি নদীর উপর গুরুত্বপূর্ণ নাদনঘাট সেতুটি বাস চলাচলের জন্য খুলে দেওয়া হল। সেতুটির এমনই বেহাল দশা হয়েছিল যে মাস তিনেক ধরে বাস-সহ ভারী যানবাহন চলা বন্ধ রয়েছে। সেতুটি দ্রুত সংস্কারের লক্ষ্যে স্বাস্থ্য পরীক্ষার কাজ করে ফরেন্সিক টিম।

গুরুত্বপূর্ণ এই সেতুর  উপর  দিয়ে প্রতিদিন হাজারেরও বেশি বাস ও ভারী যানবাহন চলাচল করত। সেতুটি দুর্বল হওয়ায় ১০ টনের বেশি পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধের বিজ্ঞপ্তি জারি করে প্রশাসন। এর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন নিত্যযাত্রী, ব্যবসায়ী-সহ বিভিন্ন পেশার মানুষ। প্রশাসন সূত্রের খবর, কলকাতা থেকে ২টি  ফরেন্সিক টিম অত্যাধুনিক মেশিনের সাহায্যে নদীর  উপরে থাকা সেতুটির লোহার খাঁচা, সেতুর তলার কাঠামো পরীক্ষা করে। আশির দশকে তৈরি ২০০ মিটার লম্বা ওই সেতুটির সংস্কারের কাজ কবে শেষ হবে, বাস ও পণ্যবাহী গাড়ি কবে থেকে চলাচল করবে, সেটাই ছিল এলাকর মূল আলোচনা। মানুষের দুর্ভোগের কথা ভেবে ঠিক হয়েছে ১৬ টনের বেশি ভারী গাড়ি যাওয়া যাবে না। একটি যাত্রীবোঝাই বাসের ওজন সর্বাধিক ১৪ টন। ফলে বাস চলাচলের ক্ষেত্রে আর সমস্যা রইল না। এতদিন  নবদ্বীপ যাওয়ার জন্য নাদনঘাট সেতুর এক প্রান্তে নেমে পড়তে হচ্ছিল। এরপর ছোট গাড়ি ধরে সেতুর অন্য পাড়ে পৌঁছে বেশকিছুটা দূরে নওয়াপাড়া মোড়ে গিয়ে বাস ধরতে হচ্ছিল। ফলে সময়মত বাস মিলছিল না।

পূর্ত দফতর সূত্রের খবর, সেতুটির উপরে যেসব জায়গায় ঢালাই ভেঙে লোহার খাঁচা বেরিয়ে পড়েছে, সেগুলি মেরামতি করা হয়েছে। পুরোপুরি সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ২০২৫-র মার্চ মাস। পুরো সংস্কার না হওয়া পর্যন্ত সেতু দিয়ে সর্বাধিক ১৬ টন ওজনের পণ্যবাহী গাড়ি চালানো যাবে। একটি বাস সেতু অতিক্রম না করা পর্যন্ত পরের বাস সেতুতে উঠতে পারবে না। মহকুমাশাসক শুভম আগরওয়াল জানান, ‘সেতুর দুই পাড়ে পুলিশের পাশাপাশি নজরদারির দায়িত্বে থাকবেন পঞ্চায়েত ও বাস মালিকদের প্রতিনিধিরা।’ সেতুটি সংস্কারের পাশাপাশি নতুন সেতুর জন্য একটি প্রস্তাবও রাজ্য সরকারকে পাঠানো হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!